Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার ফুটবলকে এগতে জেলা থেকে খেলোয়াড় তুলে আনার বার্তা অরূপের

স্বামী বিবেকানন্দ কাপের উদ্বোধনে এসে বাংলার প্রতিটি প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার বার্তা দিলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্ট বেঙ্গল, মোহন বাগান এবং মহামেডান ফুটবল ক্লাবের কর্মকর্মতাদের কাছে ক্রীড়ামন্ত্রীর আবেদন, জেলায় জেলায় ঘুরে প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় তুলে আনতে হবে।

বাংলার ফুটবলকে এগতে জেলা থেকে খেলোয়াড় তুলে আনার বার্তা অরূপের
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বামী বিবেকানন্দ কাপের উদ্বোধনে এসে বাংলার প্রতিটি প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার বার্তা দিলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্ট বেঙ্গল, মোহন বাগান এবং মহামেডান ফুটবল ক্লাবের কর্মকর্মতাদের কাছে ক্রীড়ামন্ত্রীর আবেদন, জেলায় জেলায় ঘুরে প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় তুলে আনতে হবে। বৃহস্পতিবার বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির খেলার মাঠে স্বামী বিবেকানন্দ কাপের উদ্বোধন হয়। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩ বছরের স্মরণে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গোটা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। রাজ্যের প্রতিটি জেলার ৮টি ক্লাব নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মোট ম্যাচ হবে ৩৪৮টি। প্রতিযোগিতা চলবে চারমাস ধরে। এদিন উদ্বোধনী ম্যাচ হয়েছে মাকড়দহ ইউনিয়ন ক্লাবের সঙ্গে এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ছাড়া ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, মন্ত্রী অরূপ রায়, বিধায়ক রানা চট্টোপাধ্যায়, হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তারা। ফুটবল ক্লাবের প্রতিনিধি, ক্রীড়াবিদরাও হাজির ছিলেন অনুষ্ঠানে। এখানেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, স্বামী বিবেকানন্দের কর্মভূমিতেই এই ক্রীড়া প্রতিযোগিতার সূত্রপাত হল। এর মূল উদ্দেশ্য স্বামীজীর দর্শন ও চিন্তাধারাকে জেলায় জেলায় যুব সমাজের কাছে ছড়িয়ে দেওয়া এবং প্রতিভাবান ফুটবলারদের সামনের সারিতে নিয়ে আসা। তিনি মনে করেন, বাংলার ফুটবল না এগোলে ভারতীয় ফুটবল এগোতে পারে না। তাই কলকাতার তিন ফুটবল প্রধানের কাছে মন্ত্রীর আবেদন, বাংলার জেলা থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনতে হবে। ১১ জনই বাংলার ঘরের ছেলেরা খেলুক। বাইরে থেকে যাতে ফুটবলার আনতে না-হয়, সেদিকটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। 

Advertisement

এদিকে, এদিনই বিজেপির পক্ষ থেকে ‘নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আবার রাজ্য সরকার করেছে, ‘স্বামী বিবেকানন্দ কাপ’। এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। এই বিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর প্রতিক্রিয়া, স্বামীজি সবার। তবে আমরা স্বামী বিবেকানন্দের নামেই কাপটি করেছি।

সম্পর্কিত সংবাদ