সংবাদদাতা, কল্যাণী: এবার আইনের পাঠেও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলজেন্স অ্যান্ড ল’ নামক নতুন এক সার্টিফিকেট কোর্স আনতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর বা আইসার), কলকাতা। এটি কয়েকমাসের মধ্যেই চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মঙ্গলবার তাদের ১২তম সমাবর্তন অনুষ্ঠান থেকে বিষয়টি ঘোষিত হয়। আইসার কর্তৃপক্ষের দাবি, রাজ্যে এই ধরনের কোর্স সম্ভবত প্রথম চালু হতে চলেছে। টেকনিক্যাল এবং ল’ সংক্রান্ত বিষয়ে জ্ঞানসম্পন্ন পড়ুয়ারা এই কোর্স করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস-এর সহযোগিতায় কোর্সটি শুরু হতে চলেছে।



