Bartaman Logo
১০ জুন, ২০২৬

সেবির কোপে আরশাদ, পারবেন না স্টক মার্কেটে লগ্নি করতে, হল জরিমানাও

শেয়ার কেনার পরামর্শ দিয়ে ইউটিউব ভিডিও করার অভিযোগ অভিনেতা আরশাদ ওয়ারশির বিরুদ্ধে। এই ঘটনায় আরশাদ এবং তাঁর স্ত্রী মারিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সেবি।

সেবির কোপে আরশাদ, পারবেন না স্টক মার্কেটে লগ্নি করতে, হল জরিমানাও
  • ৩০ মে, ২০২৫ ২০:০৫
Prefer us on Google

মুম্বই, ৩০ মে: শেয়ার কেনার পরামর্শ দিয়ে ইউটিউব ভিডিও করার অভিযোগ অভিনেতা আরশাদ ওয়ারশির বিরুদ্ধে। এই ঘটনায় আরশাদ এবং তাঁর স্ত্রী মারিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সেবি। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অভিনেতার শ্যালকের উপরেও। অভিযুক্ত সকলের উপরেই আগামী ১ বছরের জন্য শেয়ার বাজারে বিনিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে আরশাদ-মারিয়ারা ১ বছরের জন্য শেয়ার বাজারে কোনও বিনিয়োগ করতে পারবেন না। পাশাপাশি ৫ লক্ষ টাকা করে তাঁদের জরিমানাও করা হয়েছে। এছাড়া অবৈধ লাভের অঙ্ক ১.০৫ কোটি টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিনেতার পাশাপাশি আরও ৫৭ জনকে শেয়ার বাজারে নিষিদ্ধ করেছে সেবি। এঁদের মধ্যে বেশ কয়েকজন আগামী ৫ বছরের জন্য শেয়ার বাজারে লগ্নি করতে পারবেন না। সেবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকায় থাকা আরশাদ-সহ বাকি প্রত্যেকেই মণীশ মিশ্রের সঙ্গে কাজ করতেন। যিনি সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার জন্য বিভ্রান্তিকর ইউটিউব ভিডিও করতেন। পাশাপাশি সংস্থাগুলির বিষয়ে অতিরঞ্জিত তথ্যও পরিবেশন করতেন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে সেবির কাছে আরশাদ জানিয়েছেন- নিজের, তাঁর স্ত্রী এবং শ্যালকের নামেও শেয়ার বাজারে ট্রেড করেছিলেন তিনি। যদিও তাঁর দাবি, স্টক মার্কেটে তাঁরা একেবারেই নবীশ। মূলত মনীশ মিশ্রের ফাঁদে পড়েই তাঁরা সমস্যায় পড়েছেন। এমনকী তাঁদের বিপুল ক্ষতিও হয়েছে। তবে তাতে বরফ গলেনি। সেবি আরশাদের এই ব্যাখ্যা মেনে নেয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ