আর্সেনাল- ১ : ক্রিস্টাল প্যালেস- ১
(টাই-ব্রেকারে ৮-৭ ব্যবধানে জয়ী আর্সেনাল)
আর্সেনাল- ১ : ক্রিস্টাল প্যালেস- ১
(টাই-ব্রেকারে ৮-৭ ব্যবধানে জয়ী আর্সেনাল)
লন্ডন: মরশুমের প্রথম খেতাব জয়ের পথে আরও একধাপ এগল আর্সেনাল। মঙ্গলবার লিগ কাপের শেষ আটের লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসকে পেনাল্টি শ্যুট-আউটে হারাল মিকেল আর্তেতা-ব্রিগেড। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। এরপর টাই-ব্রেকারে ৮-৭ ব্যবধানে শেষ হাসি হাসেন গানাররা। উল্লেখ্য, ৮০ মিনিটে ম্যাক্সেন্স ল্যাকলরিক্সের আত্মঘাতী গোলে লিড নেয় আর্সেনাল। তবে সংযোজিত সময়ে ক্রিস্টাল প্যালেসকে লড়াইয়ে ফেরান মার্ক গুহি। এরপর পেনাল্টি শ্যুট-আউটে দু’দলই প্রথম সাতটি শটে জাল কাঁপায়। তবে অষ্টম শটে আর্সেনালের উইলিয়াম সালিবা লক্ষ্যভেদে সফল হলেও, ক্রিস্টাল প্যালেসের হয়ে মিস করেন ম্যাক্সেন্স। তাঁর শট রুখে দলকে শেষ চারের টিকিট এনে দেন গোলরক্ষক কেপা। সেমি-ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি। অন্য সেমি-ফাইনালে নিউকাসলের মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি।
এদিকে, আরও একবার ইপিএলের শীর্ষে থেকেই বড়দিনের ছুটিতে যাচ্ছেন আর্সেনাল ফুটবলাররা। গত কয়েক বছর শুরুটা ভালো করেও শেষপর্বে পয়েন্ট খুইয়ে খেতাব জয়ের স্বপ্ন অধরা থেকেছে গানারদের। এবারও লিগের লড়াইয়ে আশা জাগিয়েছে মিকেল আর্তেতা-ব্রিগেড। বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির চেয়ে দু’পয়েন্টে এগিয়ে তারা।