Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাকাতির মামলায় কনস্টেবল গ্রেপ্তারে পুলিস সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে: সিপি

এন্টালির ডাকাতি মামলায় এসটিএফের কনস্টেবল গ্রেপ্তার হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা।

ডাকাতির মামলায় কনস্টেবল গ্রেপ্তারে পুলিস সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে: সিপি
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন্টালির ডাকাতি মামলায় এসটিএফের কনস্টেবল গ্রেপ্তার হওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। শনিবার দুপুরে বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিসের মান্থলির ক্রাইম কনফারেন্সে সিপি বলেন, বাহিনীর একজন সদস্য এভাবে অপরাধে জড়িয়ে পড়ায়, সাধারণ মানুষের কাছে পুলিস সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। আগামীতে এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে নজর রাখতে হবে। কলকাতা পুলিসের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে।  

Advertisement

এন্টালির ফিলিপস মোড়ে ফরেক্স সংস্থার প্রায় পৌনে ৩ কোটি টাকা ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে লালবাজার কলকাতা পুলিসের এসটিএফের কনস্টেবল মিন্টু সরকারকে গ্রেপ্তার করেছে। স্বাভাবতই যা নিয়ে বাহিনীর পাশাপাশি জনমানসে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। বিষয়টি অজানা নয় পুলিস কমিশনারের। তাই শনিবার ক্রাইম কনফারেন্সে পুলিস কমিশনারকে এমন বার্তা দিতে হয়েছে বলে মনে করছেন উর্দিধারীদের একাংশ।
পাশাপাশি এদিনের বৈঠকে সিপি বলেন, এক থানা থেকে অন্য থানায় বদলি হওয়া এসআই’দের একাংশের কেস ডায়েরি অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ফলে তদন্তে ব্যাহত হচ্ছে। বিষয়টিতে ডিভিশনের ডিসিদের নজর দিতে হবে। উর্দি পড়ে রিল তৈরির প্রবণতা বাড়ছে কলকাতা পুলিসের নিচুতলার কর্মীদের মধ্যে। পুলিসের মতো একটা শৃঙ্খলাপরায়ণ বাহিনীতে এই ধরণের প্রবণতা আর বরদাস্ত করা হবে না বলে এদিন সাফ জানিয়েছেন সিপি মনোজ ভার্মা। এরপর থেকে উর্দি পড়ে রিল তৈরি করে কোনও পুলিসকর্মী ধরা পড়লেই, কড়া শাস্তির মুখে পড়তে হবে।
বিকাশ ভবনের মতো আন্দোলনের পুনরাবৃত্তি কলকাতাতে হতে পারে। এটা মাথায় রেখে, এদিন কলকাতার সব থানাকে যথাযথ প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিয়েছেন সিপি। অন্যদিকে, কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার কিনারা না হয়ে পড়ে থাকা কেসের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামার নির্দেশ দিয়েছেন বাহিনীকে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ