উরি: সর্ষের ভিতরেই ভূত। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জম্মু ও কাশ্মীর থেকে এক সেনা জওয়ানকে গ্রেপ্তার করা হল। অভিযুক্তের নাম দেবিন্দর সিং। পাঞ্জাবের সাঙ্গরুর জেলার নিহালগড় গ্রামের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগাযোগ ছিল তার। সেনা সংক্রান্ত ও অন্যান্য গোপন তথ্য পাচার করত সে। এর আগে পাঞ্জাব পুলিস প্রাক্তন জওয়ান গুরপ্রীত সিং ওরফে গুরিকে গ্রেপ্তার করা হয়েছিল গুপ্তচরবৃত্তির অভিযোগে। সে বর্তমানে ফিরোজপুরের জেলে বন্দি। তাকে জেরার সময় দেবিন্দরের কথা জানতে পারেন তদন্তকারীদের। এরপরই অভিযান শুরু করে পাঞ্জাব পুলিসের স্টেট স্পেশাল অপারেশন সেল। গত ১৪ জুলাই জম্মু ও কাশ্মীরের বারামুলার উরি থেকে আটক করা হয় দেবিন্দরকে। পুলিস জানিয়েছে, দেবিন্দর ও গুরপ্রীতের আলাপ ২০১৭ সালে। পুনেতে সেনার প্রশিক্ষণের সময় তাদের দেখা হয়েছিল। পরবর্তীতে দু’জনেই সিকিম, জম্মু ও কাশ্মীরে বিভিন্ন পোস্টিংয়ে ছিল। একসঙ্গে কাজও করেছিল তারা। সেই সময়ই গোপন সামরিক নথিপত্র হাতে পায় তারা। সেই নথিই পাকিস্তানে পাচার করেছে এই দু’জন।



