


ওয়াশিংটন: শুল্কযুদ্ধের আবহে ভারত-আমেরিকার মধ্যে টানাপোড়েন চলছে। এরইমাঝে ফের ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর ‘কৃতিত্ব’ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস থেকে ট্রাম্পের দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি। নাহলে দুই প্রতিবেশীর মধ্যে পরমাণু যুদ্ধ হতো। এনিয়ে টানা ৩৬ বার। ফের ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ নিয়ে নিজের ‘ঢাক’ পেটালেন ট্রাম্প। আর এই মন্তব্য সামনে আসতেই সরব কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মর্যাদার সঙ্গে কেন আপস করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে হাত শিবির।
এদিন হোয়াইট হাউসে দুই যুযুধান দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সমঝোতা হয়। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান শান্তি চুক্তি স্বাক্ষর করেন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই চুক্তি হল। পরে দুই রাষ্ট্রপ্রধানই বলেন, কয়েক দশকের এই সংঘাতের সমাধান করার জন্য ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। সেই মঞ্চ থেকেই ভারত-পাক সংঘাতের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের যুদ্ধে পাঁচ-ছয়টি বিমান ধ্বংস হয়েছিল। পরিস্থিতি ক্রমে বেগতিক হয়ে ওঠে। বিষয়টি পরমাণু যুদ্ধের দিকে এগচ্ছিল। তাই বাণিজ্য চুক্তিকে হাতিয়ার করে দুই দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছি। ওদের স্পষ্ট বলে দিয়েছিলাম, আপনারা যুদ্ধ না থামালে কোনও বাণিজ্য চুক্তি হবে না। আসলে আমি জীবন বাঁচাতে ভালোবাসি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আমার লক্ষ্য সমগ্র বিশ্বে শান্তি বজায় রাখা। একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলা।’ দীর্ঘ বক্তব্যে কঙ্গো-রোয়ান্ডা, থাইল্যান্ড-কম্বোডিয়া ও সার্বিয়া-কোসোভোর সংঘাতের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রতিবারই তিনি মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন।
সমালোচকদের কথায়, গোটা বিশ্বে নিজেকে শান্তির দূত হিসেবে প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। লক্ষ্য নোবেল শান্তি পুরস্কার। ইতিমধ্যেই পাকিস্তানের সমর্থন পেয়েছেন তিনি। এবার আর্মেনিয়া ও আজারবাইজানও একই সুরে মন্তব্য করল।