


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে রায়গঞ্জে নয়, আর জি করেই পোস্টিং দিতে হবে। সিঙ্গল বেঞ্চের পর জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেপ্টেম্বর মাসে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, অনিকেতকে আর জি করের অ্যানাস্থেশিয়া বিভাগেই পোস্টিং দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ ছিল, এ সব ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর বা এসওপি মেনে চলা হয়, অনিকেতের ক্ষেত্রে তা মানা হয়নি। এতে সংবিধানের ১৪ নম্বর ধারা অর্থাৎ সমানাধিকারের ধারা অমান্য করা হয়েছে। সিঙ্গল বেঞ্চের এই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের রায় হস্তক্ষেপ করতে চাইনি বিচারপতি তপোব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, সিঙ্গেল বেঞ্চের রায়ে কোনও হস্তক্ষেপ করা হচ্ছে না। ওই জুনিয়র চিকিৎসককে আর জি করের অ্যানাস্থেশিয়া বিভাগেই পোস্টিং দিতে হবে।