Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘরের মধ্যে জলে ডুবে শিশুর মৃত্যুতে ক্ষোভ, ফুঁসছে নিমতা

নিমতায় ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু হয় এক শিশুর। এই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন নিমতার বাসিন্দারা। রবিবারও এই অঞ্চলের বহু রাস্তা জলের তলায়।

ঘরের মধ্যে জলে ডুবে শিশুর মৃত্যুতে ক্ষোভ, ফুঁসছে নিমতা
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বরানগর: নিমতায় ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু হয় এক শিশুর। এই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন নিমতার বাসিন্দারা। রবিবারও এই অঞ্চলের বহু রাস্তা জলের তলায়। বহু বাড়ি জলমগ্ন। সকালের দিকে জমা জল সামান্য কমেছিল। কিন্তু দুপুরে প্রায় একঘণ্টা বৃষ্টি হয়। ফলে জল আরও বেড়ে গিয়েছে। তবে নিমতা শুধু নয়, বারাকপুর মহকুমার একাধিক পুরসভা ও পঞ্চায়েত এলাকা জমা জলের সমস্যায় ভুগছে। নাভিশ্বাস শহরের বাসিন্দাদের। বহু জায়গায় নিকাশি কার্যত অবরুদ্ধ। রাস্তায় বইছে জল।

Advertisement

উত্তর দমদমের দেবীনগর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শনিবার সকালে ১৩ নম্বর ওয়ার্ডের দেবীনগরের একটি বাড়ি হাঁটু সমান জলে ডুবেছিল। বিছানায় শোয়ানো ছিল ছ’মাসের একটি শিশুকে। আচমকা খাট থেকে পড়ে যায় বাচ্চাটি। ডুবে মৃত্যু হয় তার। এই মর্মান্তিক দুর্ঘটনার পর শোকে প্রায় মূহ্যমান হয়ে পড়ে দেবীগড়। পুরসভার দিকে অভিযোগের আঙুল তুলে এই অব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ। সে ঘটনার একদিন পর এখনও বহু বাড়ি জলে ডুবে। এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। এদিনও এমবি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে স্রোতের মতো বয়ে চলেছে ড্রেনের জল। কল্যাণী এক্সপ্রেসওয়ের দু’দিকের বহু ওয়ার্ডের রাস্তা এবং বসতবাড়ি জলে কার্যত ডুবে। এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘গত ১০ বছরে লোক দেখানো ড্রেন পরিষ্কার ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। তাই ড্রেনের জল রাস্তায় বইছে।’ এদিন বেহাল রাস্তা, ড্রেন সংস্কারের কাজে গাফিলতি, শিশুর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে বিরাটি রেলওয়ে ওভারব্রিজের মুখে ডিওয়াইএফআই রাস্তা অবরোধ করে। বিক্ষোভ দেখায়। এরপর মিছিল বের করে বিজেপিও।
এর পাশাপাশি বরানগরে সিঁথির মোড় পার করলেই জমা জলের ভোগান্তির ছবি। ঘোষপাড়া মোড় থেকে বরানগর থানা, টবিন রোড মোড়, বনহুগলি মোড়ে বিটি রোডেও হাঁটু সমান জল। এছাড়া যোগেন্দ্র বসাক স্ট্রিট, পি মিত্র রোড, গিরীশচন্দ্র ঘোষ স্ট্রিট, মল্লিক কলোনি, ন’পাড়া, নিয়োগী পাড়া, ঘোষ পাড়া সহ বিস্তীর্ণ এলাকা জল থইথই। কামারহাটির বিটি রোডে এখনও জমে রয়েছে জল। ৩০, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের অফিসপাড়া, বসাকপাড়া, আমতলা, বালুচর ও নন্দননগরের বেশিরভাগ জায়গা জলমগ্ন। রবিবার দুপুরে কিছু রাস্তা থেকে জল নামলেও দুপুরে বৃষ্টির পর ফের একই যন্ত্রণা দেখা দেয়। 
একদিকে জমা জল, অন্যদিকে বেহাল রাস্তা। দ্বিগুণ সমস্যা নিয়ে চোখের জলে নাকের জলে বাসিন্দারা। বহু জায়গায় রাস্তায় গাছের ডাল পুঁতে পথচারীদের সাবধান করছে এলাকাবাসীরাই। পানিহাটি পুরসভা এলাকার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিটি রোডের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড প্রায় একমাস ধরে জলমগ্ন। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি এবং ঘোলা থানাতেও জমে রয়েছে জল। এছাড়া আগরপাড়া, এইচ বি টাউন, ঘোলা সহ বিস্তীর্ণ এলাকার রাস্তা জলের তলায় ডুবে। পাশাপাশি নিউ বারাকপুর, পাতুলিয়া সহ আশপাশের বহু এলাকায় জমে রয়েছে জল। সবমিলিয়ে নাস্তানাবুদ মানুষ। দানা বাধছে  প্রবল ক্ষোভ।

সম্পর্কিত সংবাদ