Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পেলের দেশকে সাফল্য দিতে চান আনসেলোত্তি, বার্ষিক বেতন ১০২ কোটি টাকা

সোমবারই আনুষ্ঠানিকভাবে হেড কোচের পদে কার্লো আনসেলোত্তির নাম ঘোষণা করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। চলতি মাসেই দায়িত্ব নেবেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।

পেলের দেশকে সাফল্য দিতে চান আনসেলোত্তি, বার্ষিক বেতন ১০২ কোটি টাকা
  • ১৪ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

মাদ্রিদ: সোমবারই আনুষ্ঠানিকভাবে হেড কোচের পদে কার্লো আনসেলোত্তির নাম ঘোষণা করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। চলতি মাসেই দায়িত্ব নেবেন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। তার আগে অবশ্য লা লিগায় শেষ তিনটি ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগ-আউটে দেখা যাবে তাঁকে। দীর্ঘ কোচিং জীবনে এই প্রথম কোনও জাতীয় দলের দায়িত্ব নিলেন তিনি। তাই আনসেলোত্তির পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কার্লেত্তি। বুধবার লা লিগায় ঘরের মাঠে মায়োরকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে আনসেলোত্তি জানান, ‘রিয়াল সবসময় আমার হৃদয় জুড়ে থাকবে। দু’ধাপে ছয় বছর এই ক্লাবের দায়িত্ব পালন করা অবশ্যই গর্বের। তবে এবার নতুন কিছু করতে চেয়েছিলাম। ব্যক্তিগতভাবে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এবার পেলে-গ্যারিঞ্চাদের দেশকে সাফল্য এনে দিতে চাই।’

Advertisement

২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর তিতে দায়িত্ব ছাড়তেই আনসেলোত্তিকে কোচ হিসেবে পেতে চেয়েছিল ব্রাজিল। তখন সেলেকাওদের প্রস্তাব ফিরিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবীকরণ করেন তিনি। এরপর তাঁর প্রশিক্ষণে ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতে মাদ্রিদের ক্লাবটি। তবে চলতি মরশুমে একের পর এক ব্যর্থতার জেরে আনসেলোত্তির উপর চাপ বাড়ছিল। শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই রিয়াল তাঁকে রিলিজ করে। 
এদিকে, ব্রাজিলের কোচের পদে বিপুল পারিশ্রমিকের পাশাপাশি একগুচ্ছ সুযোগসুবিধা পাবেন আনসেলোত্তি। সূত্রের খবর, আপাতত ১৪ মাসের জন্য সেলেকাওদের দায়িত্ব নিচ্ছেন তিনি। মাসিক বেতন ৭ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৫০ লক্ষ টাকা)। বছরে প্রায় ১০২ কোটি টাকা। শুধু তাই নয়, ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে বোনাস হিসেবে ৬৬ কোটি তাঁর জন্য অপেক্ষা করছে। সঙ্গে ব্যক্তিগত বিমান ও বিমার সুবিধা থাকছে। আগামী ৬ জুন বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ২৬ মে দায়িত্ব নিয়ে সেই ম্যাচের জন্য দল বেছে নেবেন আনসেলোত্তি।

Advertisement
সম্পর্কিত সংবাদ