Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অতিরিক্ত ১৫ কোটি লিটার জল মিলবে রোজ, গার্ডেনরিচ জলপ্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা, ভবিষ্যতের স্বার্থে পদক্ষেপ

গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন করে তৈরি করা হবে একটি জল উৎপাদন ইউনিট। যেখানে রোজ ৪০ মিলিয়ন গ্যালন অর্থাৎ ১৫ কোটি ১৪ লক্ষ ১৬ হাজার ৪৭১ লিটার জল উৎপাদিত হবে।

অতিরিক্ত ১৫ কোটি লিটার জল মিলবে রোজ, গার্ডেনরিচ জলপ্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা, ভবিষ্যতের স্বার্থে পদক্ষেপ
  • ৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অর্ক দে, কলকাতা: গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন করে তৈরি করা হবে একটি জল উৎপাদন ইউনিট। যেখানে রোজ ৪০ মিলিয়ন গ্যালন অর্থাৎ ১৫ কোটি ১৪ লক্ষ ১৬ হাজার ৪৭১ লিটার জল উৎপাদিত হবে। 

Advertisement

এই প্রকল্প বাস্তবায়িত করতে বিশেষভাবে উদ্যোগ নেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ভবিষ্যতের কথা ভেবে বিশেষ করে শহরজুড়ে বাড়তে থাকা বড় আবাসিক বহুতলের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতে এই ভাবনা বলে জানান মেয়র। 
বর্তমানে পলতা, ধাপা, ওয়াটগঞ্জ এবং গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে সবমিলিয়ে ৫১৫ মিলিয়ন গ্যালন বা ১৯৪ কোটি ৯৪ লক্ষ ৮৭ হাজার ৬৮.৭৬ লিটার জল প্রতিদিন উৎপাদিত হয়। পাশাপাশি ধাপায় দৈনিক ২০ মিলিয়ন গ্যালন অর্থাৎ ৭ কোটি ৫৭ লক্ষ ৮২৩৫.৭ লিটার জল উৎপাদনের ইউনিট তৈরি হচ্ছে। গড়িয়া ঢালাই ব্রিজেও হচ্ছে নয়া জলপ্রকল্প। সেখানে রোজ ১০ মিলিয়ন গ্যালন বা ৩ কোটি ৭৮ লক্ষ ৫৪ হাজার ১১৭.৮ লিটার জল উৎপাদন হবে। আগামী কয়েক মাসের মধ্যে দৈনিক উৎপাদনন বেড়ে ৫৪৫ মিলিয়ন গ্যালন বা ২০৬ কোটি ৩০ লক্ষ ৪৯ হাজার ৪২২.২৮ লিটার জল উৎপাদন হবে। যা দিয়ে শহরের সর্বত্র পর্যাপ্ত পানীয় জল সরবরাহ সম্ভব। পুরসভার জল সরবরাহ বিভাগ জানিয়েছে, ধাপা এবং গড়িয়াতে পাইপলাইন পাতার কাজ চলছে। গার্ডেনরিচ জল প্রকল্পের সম্প্রসারণের পরিকল্পনা হয়েছে। 
জানা গিয়েছে, বর্তমানে গার্ডেনরিচে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সংলগ্ন ময়লার ডিপো চত্বরে বড় জমি খালি পড়ে রয়েছে। দখলদার সরিয়ে সেই জায়গাটি ঘিরেছে পুরসভা। সেই জমিতে বর্তমানে তৈরি হচ্ছে নিকাশি পাম্পিং স্টেশন। সেখানে নতুন জল উৎপাদন ইউনিট তৈরির পরিকল্পনা নিয়েছে পুরসভা। এর জন্য ডিপিআর (ডিটেলস প্রজেক্ট রিপোর্ট) তৈরি হচ্ছে। অর্থ বরাদ্দের বিষয় নিয়ে চলছে হিসেব নিকেশ। মেয়র বলেন, ‘বর্তমানে পর্যাপ্ত পানীয় জল উৎপাদন হয়। কিন্তু যেভাবে শহরে জনসংখ্যা বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে পানীয় জলের সমস্যা রুখতেই এই সিদ্ধান্ত।’ তিনি জানান, বর্তমানে শহরের অনেক বহুতল আবাসনে পুরসভা পরিস্রুত পানীয় জল সরবরাহ করতে পারে না। এই প্রকল্প হলে হাইরাইজ আবাসনগুলিতেও পৌঁছে দেওয়া যাবে পানীয় জল। 
উল্লেখ্য সম্প্রতি শহরের বিভিন্ন আবাসন কমিটির কর্তাদের সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বৈঠকে বসেছিলেন মেয়র। সেখানে বেশিরভাগ আবাসন কমিটি নলবাহিত পরিস্রুত পানীয় জলের চাহিদার কথা জানায়। ফিরহাদ এই সমস্যার সমাধানের আশ্বাস দেন। সেই ভাবনা থেকেই শহরের সমস্ত নাগরিককে পুরসভার পরিস্রুত পানীয় জলের সুবিধা দিতে নয়া জল প্রকল্প তৈরির উদ্যোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ