গুয়াহাটি: ঠিক পাঁচ বছর আগের কথা। অসমে বিধানসভা নির্বাচনের প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় তিনি আশ্বাস দিয়েছিলেন, বিজেপি ফের ক্ষমতায় এলে, অসমকে ‘বন্যা-মুক্ত’ রাজ্য হিসাবে গড়ে তোলা হবে। সেই তিনি বলেছিলেন, ‘বিজেপিকে আরও পাঁচ বছর দিন, আর কোনোদিন এখানে বন্যা হবে না।’ ক্ষমতায় ফিরেছে বিজেপি, কেটে গিয়েছে আরও পাঁচ বছর। কিন্তু উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড়ো এই রাজ্যে বন্যার সমস্যা এখনও মেটেনি। এরমধ্যে দরজা কড়া নাড়ছে বিধানসভা ভোট। তার আগে শুক্রবার কাছাড়ের একটি জনসভায় শাহ বলেছেন, ‘গত দশ বছরে বিজেপি অসমের উন্নয়ন নিশ্চিত করেছে। আগামী পাঁচ বছরে এই রাজ্যকে ‘বন্যা-মুক্ত’ করে তোলা হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে গত পাঁচ বছর বন্যা নিয়ন্ত্রণে অসমের বিজেপি সরকার কী কাজ করেছে? এক্ষেত্রে ব্যর্থতা ঢাকতে কি আবারও পাঁচ বছর সময় চাইছেন তিনি?



