Bartaman Logo
৯ জুন, ২০২৬

ধর্মান্তরকরণের অভিযোগ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল ছাঙ্গুর বাবার ‘প্রাসাদ’

ধর্মীয় কার্যকলাপের আড়ালে চলত অনৈতিক কাজকর্ম। তাঁর বিরুদ্ধে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ জমা পড়েছিল পুলিসের কাছে। এরপরই সক্রিয় হয় যোগীরাজ্যের পুলিস।

ধর্মান্তরকরণের অভিযোগ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল ছাঙ্গুর বাবার ‘প্রাসাদ’
  • ১০ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: ধর্মীয় কার্যকলাপের আড়ালে চলত অনৈতিক কাজকর্ম। তাঁর বিরুদ্ধে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ জমা পড়েছিল পুলিসের কাছে। এরপরই সক্রিয় হয় যোগীরাজ্যের পুলিস।  ‘ছাঙ্গুর বাবা’ ওরফে ‘পীর বাবার’ প্রাসাদোপম বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল। 

Advertisement

উত্তরপ্রদেশের বলরামপুর জেলার মধুপুরে বিরাট এলাকাজুড়ে রয়েছে ছাঙ্গুর বাবার আস্তানা। বিশাল প্রাসাদ তৈরি করে ধর্মীয় কার্যকলাপ চালাতেন তিনি। অভিযোগ সরকারি জমিতেই প্রাসাদটি গড়ে তুলেছিলেন তিনি। পাশাপাশি হিন্দু সহ অন্যান্য অ-মুসলিমদের সম্প্রদায়ের মানুষদের প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করতেন বলে অভিযোগ। একাজের জন্য একটি গ্যাং তৈরি করেছিলেন। পুলিসের দাবি, ছাঙ্গুর বাবার গ্যাং মূলত বিধবা মহিলা, শ্রমিক এবং দরিদ্রদের টার্গেট করত। তাঁদের আর্থিক সহায়তা এবং বিধবাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্মান্তরিত করা হতো। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিস। তাঁর মাথার দাম ৫০ হাজার ঘোষণা করা হয়। পরে লখনউয়ের একটি বিলাসবহুল হোটেল থেকে ছাঙ্গুর বাবা ও তাঁর সঙ্গী নাসরিন ওরফে নীতুকে গ্রেপ্তার করা হয়। দু’জনকে আপাতত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিস জানতে পেরেছে, টানা ৮০ দিন ওই হোটেলে তাঁরা আত্মগোপন করে ছিলেন। ছাঙ্গুর বাবার অন্তত ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটে ১০০ কোটি টাকার লেনদেনের সন্ধান মিলেছে। এছাড়াও ৪০টি দেশ ভ্রমণ করেছেন তিনি।  গত সোমবার সাতদিনের মধ্যে ছাঙ্গুর বাবার বেআইনি কাঠামো ভেঙে ফেলতে নোটিস জারি করে পুলিস। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পর মঙ্গলবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ওই নির্মাণ।

সম্পর্কিত সংবাদ