মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেন বড় অঘটন। বিদায় নিলেন তৃতীয় বাছাই কোকো গফ। ইউক্রেনের এলিনা স্বেতলেনার কাছে স্ট্রেট সেটে বশ মানেন মার্কিন তরুণী। ম্যাচের ফল ১-৬, ২-৬। কার্যত মাথা তুলে দাঁড়াতেই পারেননি গফ। প্রথম সেটে পাঁচটি ডাবল ফল্ট করেন তিনি। গফের সার্ভিস ভেঙে লিড নেন স্বেতলেনা। পরে বিরক্ত হয়ে র্যাকেট বদলান গফ। তাতে লাভের লাভ হয়নি। মোক্ষম সময়ে আনফোর্সড এরর তাঁর লড়াই আরও কঠিন করে তোলে। হারের পর গটগটিয়ে লকার-রুমে হাঁটা দেন তিনি। অন্যদিকে সন্তান হওয়ার পর টেনিস থেকে সাময়িক দূরে ছিলেন এলেনা স্বেতলেনা। অস্ট্রেলিয়ান ওপেনে হেভিওয়েট প্রতিপক্ষকে বশ মানিয়ে রীতিমতো আবেগাপ্লুত তিনি। এলেনা বললেন, ‘দারুণ অনুভূতি। গফ কঠিন প্রতিপক্ষ। র্যাঙ্কিংয়ে সেরা দশে প্রবেশ করাই লক্ষ্য।’ অন্যদিকে, আমেরিকার ইভা জোভিচকে হারিয়ে সহজেই শেষ চারে পৌঁছে গেলেন সাবালেঙ্কা। স্ট্রেট সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দেন তিনি। ম্যাচের ফল ৬-৩, ৬-০। এবার তাঁর সামনে ইউক্রেনের ভিতোলিনা। পাঁচটি এস সার্ভিসও মারেন সাবালেঙ্কা। সবমিলিয়ে তাঁর অনুরাগীরা বেজায় খুশি।
পুরুষদের সিঙ্গলসে দুরন্ত ছন্দে কার্লোস আলকারাজ। এদিন পিছিয়ে পড়েও অস্ট্রেলিয়ার মিনাউরকে বশ মানান স্প্যানিশ তারকা। ম্যাচের ফল ৭-৫, ৬-২ ও ৬-১। সেমি-ফাইনালে তাঁর সামনে আলেকজান্ডার জেরেভ। সাতবার বিপক্ষের সার্ভিস ভাঙেন তিনি। বিশ্বের ১ নম্বর তারকা খেতাব জিততে মরিয়া। তবে শেষ চারে লড়াই বেশ কঠিন। জার্মানির জেরেভ এক সেট খুইয়ে পরাস্ত করেন লিয়ার্নার তিয়েনকে। ৬-৩, ৬-৭, ৬-১, ৭-৬ সেটে জেতেন জার্মান তারকা। জেরেভের সার্ভিস প্রচন্ড শক্তিশালী। সময় গড়ানোর সঙ্গেই তাঁর পাওয়ার টেনিসের কোনও জবাব দিতে পারেননি তিয়েন। বিশেষজ্ঞদের ধারণা, কার্লোস আলকারাজকেও কঠিন চ্যালেঞ্জ ছুড়েতে পারেন জেরেভ। দীর্ঘদেহী জেরেভ সার্ভ ও ভলির ক্ষেত্রেও খুবই দক্ষ। ক্রসকোর্ট শটে বিভ্রান্ত করেন প্রতিপক্ষকে। এদিকে, বুধবার কোয়ার্টার-ফাইনালে ইতালির মুসেত্তির মুখোমুখি নোভাক জকোভিচ। ২৪ টি গ্ল্যান্ড স্লামের মালিক জকোভিচ ট্রফি জিততে মরিয়া। ৩৮ বছর বয়সি তারকার ট্রফি ক্যাবিনেটে ঝলমল করছে ১০ টি অস্ট্রেলিয়ান ওপেন। অন্য কোয়ার্টার ফাইনালে জানিক সিনারের সামনে আমেরিকার বেন শেলটন। সেক্ষেত্রে শেষ চারে জকোভিচ বনাম সিনার দ্বৈরথের প্রবল সম্ভাবনা।