Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশের একাধিক এয়ারপোর্টে উড়ান পরিষেবা বাতিল করল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো

পহেলগাঁওতে জঙ্গি হামলার বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা

দেশের একাধিক এয়ারপোর্টে উড়ান পরিষেবা বাতিল করল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো
  • ১৩ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ মে: পহেলগাঁওতে  জঙ্গি হামলার বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তারপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। সেই আবহে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। যদিও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ায় সেই বিমানবন্দরগুলি খুলে দেয় ভারত সরকার। এর মাঝেই আজ, মঙ্গলবার থেকে আগামী কয়েকদিনের জন্য আচমকাই দেশের একাধিক এয়ারপোর্টে উড়ান পরিষেবা বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স। এই দুই এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত। তাই উত্তর ও পশ্চিম ভারতের একাধিক শহরে আপাতত বিমান পরিষেবা বন্ধ থাকবে। ইন্ডিগো জানিয়েছে, আগামী শনিবার রাত ১১টা ৫৯ পর্যন্ত, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও রাজকোটে কোনও বিমান পরিষেবা পাওয়া যাবে না।

Advertisement

এমনকী ওই এয়ারপোর্ট গুলি থেকে ইন্ডিগোর কোনও বিমান ছাড়াও হবে না এই সময়কালে। এই বিষয়ে ওই এয়ারলাইন্স সংস্থা জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ একইভাবে এয়ার ইন্ডিয়াও একাধিক উড়ান বাতিল করেছে। জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট এয়ারপোর্ট থেকে কোনও বিমান যাবে এবং ছাড়বে না। এমনটাই জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এই বিষয়ে এই এয়ারলাইন্সের বক্তব্য, ‘যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতি বিচার করে মঙ্গলবার, ১৩ মে বেশ কয়েকটি জায়গা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উপরে আমাদের নজর রয়েছে। পরবর্তী আপডেট জানানো হবে।’ গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরগুলিতে উড়ান পরিষেবা বাতিল হয়ে যাওয়ায় চিন্তিত যাত্রীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ