আমেদাবাদ: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৫৯টি দেহ শনাক্ত করা গিয়েছে। এর মধ্যে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ২৫৬টি দেহ। আমেদাবাদ সিভিল হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেডেন্ট ডাঃ জোশি জানিয়েছেন,‘জুনের ২৩ তারিখ পর্যন্ত মোট ২৫৩টি মৃতদেহের ডিএনএ পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৪০ জন বিমানযাত্রী এবং ১৩ জন সাধারণ মানুষ।’ বাকি ছ’জনের দেহ শনাক্ত করা হয়েছে ‘ফেসিয়াল ম্যাচিং’ পদ্ধতিতে। অর্থাৎ তাঁদের চেহারা দেখেই শনাক্তকরণ সম্ভব হয়েছে। ডাঃ জোশি আরও বলেন, ‘অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমানে বিদেশি যাত্রী ছিলেন মোট ৫২ জন। তাঁদের প্রত্যেককেই শনাক্ত করা সম্ভব হয়েছে।’ উল্লেখ্য, গত ১২জুন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান উড়ানের পরই আছড়ে পড়ে আমেদাবাদের এক মেডিক্যাল কলেজের হস্টেলে। ঘটনায় বিমানযাত্রীরা তো বটেই, মারা যান কয়েকজন ডাক্তারি পড়ুয়া সহ আরও অনেকেই।



