


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই থামল। জীবনযুদ্ধে হার মানলেন অভিনেতা পঙ্কজ ধীর। ‘মহাভারত’ ধারাবাহিকের বীর যোদ্ধা ‘কর্ণ’র চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন তিনি। টেলিভিশন দুনিয়ার এই কিংবদন্তির বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে তাঁর যুদ্ধ চলছিল। মাঝে সুস্থ হয়ে উঠেছিলেন অভিনেতা। কয়েক মাস আগে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ (সিআইএনটিএএ)-এর পক্ষ থেকে পঙ্কজের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। বিআর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এর ‘অর্জুন’ অর্থাৎ অভিনেতা ফিরোজ খান পঙ্কজের প্রয়াণে শোকজ্ঞাপন করে লিখেছেন, ‘জেন্টলম্যান! বিদায়। তোমাকে মিস করবো পিডি। যেখানেই থাকো, ভালো থাকো।’ বুধবার বিকেলে মুম্বইয়ের ভিলে পার্লেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বহু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন পঙ্কজ। ‘বাদশাহ’, ‘তুম কো না ভুল পায়েঙ্গে’, ‘আন্দাজ’, ‘সোলজার’-এর মতো অসংখ্য হিট ছবিতে তাঁর অভিনয় মনে রাখবেন দর্শক। ‘মাই ফাদার গডফাদার’ সিনেমাটি পরিচালনা করেছিলেন তিনি। পঙ্কজের প্রয়াণ বিনোদন জগতের জন্য অপূরণীয় ক্ষতি বলে মত অনুরাগীদের।