নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ার ফলে রাজ্যে এবার হালকা শীতের আগমন হতে চলেছে। ভোর ও রাতের দিকে সাধারণভাবে এই শীতের ছোঁয়া পাওয়া যাবে। আগামী কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন। আগামী সপ্তাহের গোড়াতেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আসবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে নেমে আসতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। এর কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার জন্য পুবালি বাতাস সক্রিয় হয়ে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বাড়িয়ে দেয়। নিম্নচাপ দুর্বল হয়ে সরে যাওয়ায় এবার উত্তুরে শুষ্ক হাওয়া জোরদার হবে। উত্তর ভারত, বিহার, ঝাড়খণ্ডে তাপমাত্রা কমবে। তার জের পড়বে এখানে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা (২৪.৮ ডিগ্রি) স্বাভবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি ছিল। এদিন দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল পুরুলিয়ায় (১৯ ডিগ্রি)। দুদিন আগে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমেছিল।
আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন যে পূর্বাভাস দিয়েছে তাতে আগামী দু-সপ্তাহ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া সাধারণভাবে পরিষ্কার থাকবে। যে-দুটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে, রাজ্যে সেগুলির কোনও প্রভাব পড়বে না। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। চীন সাগরের দিক থেকে আসা টাইফুন ‘কামলেগি’র অবশিষ্টাংশ ঘূর্ণাবর্ত হিসেবে আন্দমান সাগরে আসবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলে ১৪ নভেম্বর নাগাদ দুটি সিস্টেম যুক্ত হয়ে একটি নিম্নচাপ তৈরি করবে। এরপর ১৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দমান সাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটিরও এদিকে আসার বিশেষ সম্ভাবনা নেই। জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস।
শীত পড়ার আনুষ্ঠানিক ঘোষণা করে না আবহাওয়া দপ্তর। পূর্বাঞ্চলীয় অধিকর্তার কথায়, একই সময়ে রাজ্যে এবং দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার অনেকটা হেরফের হয়। শীতের অনুভূতির পার্থক্য থাকে মানুষের মধ্যেও। তবে সাধারণভাবে ১৫-১৬ ডিগ্রির আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা এলে শীতের অনুভূতি হয়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্থায়ীভাবে ১৫ ডিগ্রির আশপাশে আসতে ডিসেম্বর মাস হয়ে যায়। নভেম্বরের শেষদিকে সাময়িকভাবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে আসার নজির সাম্প্রতিক কয়েকবছরের মধ্যে একাধিকবার হয়েছে। উত্তর ভারতে বেশি শীত পড়ার পর উত্তুরে হাওয়া বইলে তার প্রভাব এরাজ্যের উপর পড়ে। -ফাইল চিত্র