Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরীক্ষার্থী ৭ লক্ষ, ১২ই শুরু উচ্চ মাধ্যমিক

এবছরের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের  পরীক্ষা শুরু হতে চলেছে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। পুরানো সিলেবাস (১৪,৪৯৪ জন), তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী (৫৮,৪৫২ জন) এবং শুধুমাত্র সেমেস্টারের পরীক্ষার্থী (৬,৩৫,৮৬৪ জন) মিলিয়ে ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জনের পরীক্ষায় বসার কথা।

পরীক্ষার্থী ৭ লক্ষ, ১২ই শুরু উচ্চ মাধ্যমিক
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবছরের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের  পরীক্ষা শুরু হতে চলেছে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। পুরানো সিলেবাস (১৪,৪৯৪ জন), তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী (৫৮,৪৫২ জন) এবং শুধুমাত্র সেমেস্টারের পরীক্ষার্থী (৬,৩৫,৮৬৪ জন) মিলিয়ে ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জনের পরীক্ষায় বসার কথা। তবে, উল্লেখযোগ্য হল, ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় ৭৯,৩৪৭ জন বেশি। ২৩টি জেলাতেই সংখ্যায় এগিয়ে ছাত্রীরা। মোট ৮২২টি মেইন ভেন্যু এবং ২১০৩টি সাব ভেন্যুতে পরীক্ষা হবে।

Advertisement

এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে চ্যালেঞ্জ হল তিন ধরনের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করা। পরীক্ষা পরিচালনার জন্য প্রায় ৪০ হাজার শিক্ষকের প্রয়োজন। এদিকে এসআইআর চলছে। প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একই রয়েছে মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষাগুলিও। ফলে আরো বেশি শিক্ষক প্রয়োজন হবে সেদিন। যদিও, সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, জেলা কমিটির আহ্বায়ক এবং সহকারী আহ্বায়কদের নিয়ে একটি বৈঠক রয়েছে মঙ্গলবার। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে, সমস্যা হওয়ার কথা নয়। শিক্ষকের সমস্যা থাকলে প্রাথমিক স্কুল থেকেও শিক্ষকদের নেওয়ার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, চতুর্থ সেমেস্টার অর্থাৎ মূল পরীক্ষাটি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে। প্রশ্ন দেওয়া হবে সকাল ৯টা ৫০ মিনিটে। তবে, মিউজিক, ভিজ্যুয়াল আর্টস এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে সকাল সওয়া ১১টা পর্যন্ত। অন্যদিকে, তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে দুপুর ১টা থেকে দুপুর সওয়া ২টো পর্যন্ত। ওএমআর পূরণের জন্য ১২টা ৫০মিনিটের তা দেওয়া শুরু হবে। পুরানো সিলেবাসের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে সওয়া ১টা পর্যন্ত। প্রতিটি আলাদা পরীক্ষার পরীক্ষার্থীদের বসানোর ব্যবস্থা হবে আলাদা ঘরে। প্রশ্নপত্র যাতে একটির সঙ্গে আরেকটি গুলিয়ে না-যায়, তার জন্য আলাদা রঙে সেগুলি চিহ্নিত করা রয়েছে। অন্তত একঘণ্টা সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের। কারণ, তল্লাশি এবং অন্যান্য কাজে সময় ব্যয় হবে। ফলে, যাদের সকাল ১০ থেকে পরীক্ষা, তাদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দিয়েছে সংসদ।

সম্পর্কিত সংবাদ