Bartaman Logo
৯ জুন, ২০২৬

তামিলনাড়ুতে সাড়ে ৬ লক্ষ পরিযায়ী শ্রমিক নয়া ভোটার, অভিযোগ চিদম্বরমের

স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) নামে বিহারে ৬৫ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এদের একটা অংশকে ব্যবহার করে তামিলনাড়ুর ভোটার চরিত্র বদল করার চেষ্টা হচ্ছে বলে রবিবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।

তামিলনাড়ুতে সাড়ে ৬ লক্ষ পরিযায়ী শ্রমিক নয়া ভোটার, অভিযোগ চিদম্বরমের
  • ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

চেন্নাই: স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) নামে বিহারে ৬৫ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এদের একটা অংশকে ব্যবহার করে তামিলনাড়ুর ভোটার চরিত্র বদল করার চেষ্টা হচ্ছে বলে রবিবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। বিহারে বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, এঁরা ‘স্থায়ী পরিযায়ী’। অর্থাৎ কমিশনের মতে, এঁরা অন্যত্র চলে গিয়েছেন। এঁদের আর রাজ্যে ফেরার সম্ভাবনা নেই। আর এই সময়ে তামিলনাড়ুতে অস্বাভাবিক সংখ্যায় ভোটার বৃদ্ধি পেয়েছে। এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে মনে করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ চিদম্বরম। তাঁর মতে, প্রায় সাড়ে ৬ লক্ষ পরিযায়ী শ্রমিককে তামিলনাড়ুতে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। তাঁর অভিযোগ, তামিলনাড়ুর ভোটারদের চরিত্র বদলের উদ্দেশেই এই কাজ করেছে নির্বাচন কমিশন। এই ঘটনাকে ‘বেআইনি এবং উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন কংগ্রেসের রাজ্যসভার সদস্য চিদম্বরম।

Advertisement

বিহারের ভোটার কমে যাওয়া এবং তামিলনাড়ুর ভোটার বৃদ্ধি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করেন চিদম্বরম। আগামী বছর তামিলভূমে ভোট। পরিকল্পিতভাবে কমিশন ভোটার চরিত্র বদল করতে চাইছে। রবিবার সাতসকালে এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্টে নির্বাচন কমিশনের প্রতি এভাবেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘বিহারে ভোটাধিকার থেকে 
বঞ্চিত হওয়ার ঝুঁকিতে ৬৫ লক্ষ ভোটার। একই সময়ে তামিলনাড়ুতে সাড়ে ৬ লক্ষ ভোটারের সংযুক্তি বেআইনি এবং উদ্বেগজনক।’ তিনি আরও বলেন, ‘শ্রমিকদের স্থায়ী পরিযায়ী দাগিয়ে দেওয়া আসলে তাঁদের অপমান। পাশাপাশি তামিলনাড়ুর ভোটারদের পছন্দমত সরকার তৈরিতে হস্তক্ষেপ।’ কেন পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ভোট দেওয়া থেকে কমিশন বিরত করার চেষ্টা করছে, সেই প্রশ্ন তুলেছেন চিদম্বরম। তাঁর যুক্তি, ‘ভোটার তালিকায় নথিভুক্ত সকলের একটি আইনগত বাসস্থান রয়েছে। পরিযায়ী শ্রমিকদের আইনগত বাসস্থান হল বিহার বা অন্য কোনও রাজ্য।’ তাঁদের কীভাবে তামিলনাড়ুর ভোটার হিসেবে নথিভুক্ত করা যায়? তাঁর সাফ কথা ক্ষমতার অপব্যবহার করছে নির্বাচন কমিশন। পরিযায়ী শ্রমিকদের ‘অতিথি কর্মী’ বলে মন্তব্য করেছেন ডিএমকের সাধারণ সম্পাদক দুরাইমুরুগান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ