মুম্বই: অপুষ্টিতে একের পর এক শিশুর মৃত্যু। অথচ তা নিয়ে মাথাব্যাথা নেই সরকারের! এজন্য বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারকে তীব্র ভর্ৎসনা করল বম্বে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, আদিবাসী বহুল মেলঘাট এলাকায় অপুষ্টির কারণে শিশুমৃত্যু অত্যন্ত ‘উদ্বেগজনক’। বিষয়টিকে রাজ্য সরকার ‘অত্যন্ত হালকা ভাবে’ নিচ্ছে। বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতি মোহিতে দেড়ে ও সন্দেশ পাতিলের বেঞ্চ উল্লেখ করেছে, গত জুন মাস থেকে অপুষ্টির কারণে মেলঘাটে অন্তত ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। বয়স ছ’মাসের নীচে। আদালত বলেছে, ‘ভয়াবহ পরিস্থিতি। সরকারের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।’
পূর্ব মহারাষ্ট্রের মেলঘাটের শিশু, গর্ভবতী ও প্রসূতিদের মৃত্যু নিয়ে একগুচ্ছ জনস্বার্থ মামলার শুনানি ছিল বম্বে হাইকোর্টে। আদালত উল্লেখ করে, এই বিষয়ে তারা ২০০৬ সালেই নির্দেশ দিয়েছিল। সরকার কাগজে-কলমে সবকিছু ঠিকঠাক দেখালেও, বাস্তব পরিস্থিতি একেবারে ভিন্ন। আদালত বলে, ‘এটাই দেখিয়ে দেয়, আপনারা (সরকার) কতটা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। বিষয়টি হালকাভাবে নেওয়া হচ্ছে। সরকারের সজাগ হওয়া উচিত। জুন মাস থেকে ৬৫টি শিশুর মৃত্যু হয়েছে। আমাদের মতো আপনাদেরও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।’ আগামী ২৪ নভেম্বর মহারাষ্ট্রের জনস্বাস্থ্য, আদিবাসী উন্নয়ণ, নারী ও শিশু এবং অর্থ দপ্তরের সচিবদের আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে হলফনামা জমা দিতে বলা হয়েছে ওই চার দপ্তরকে। আদালতের মন্তব্য, জনস্বাস্থ্য নিয়ে সরকারের একটুও মাথাব্যাথা নেই। পাশাপাশি আদিবাসী বহুল এলাকায় কর্মরত চিকিৎসকদের ভাতা বৃদ্ধির পরামর্শও দিয়েছে আদালত।