থানে: ছাদ সারানোর সময় চাঙড় ভেঙে পড়ে মৃত্যু হল ছ’জনের। মৃতদের মধ্যে এক শিশু এবং চারজন মহিলা রয়েছে। এছাড়াও জখম আরও ছ’জন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ এলাকায়। কল্যাণের এসডিও বিশ্বাস গুজর বলেন, ঘটনাস্থল ৩০ বছরের পুরনো শ্রীসপ্তশ্রীঙ্গি ভবন। চারতলা ভবনটির ছাদ মেরামতির কাজ চলছিল। মঙ্গলবার কাজ চলাকালীন একটি চাঙড় ভেঙে পড়ে। সেটি পরবর্তী ফ্লোরগুলি ভাঙতে ভাঙতে পড়তে থাকে। ঘটনার জেরে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে ১১ জন। খবর পেয়েই উদ্ধারের কাজে হাত লাগায় দমকল, এনডিআরএফ এবং জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ধ্বংসস্তূপের মধ্য থেকে ছ’জনের দেহ উদ্ধার হয়। জখমদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মৃতদের পরিবারবর্গকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও তিনি ঘোষণা করেছেন। জখমদের জরুরি ভিত্তিতে চিকিৎসার নির্দেশ দিয়েছেন উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। ক্ষতিগ্রস্ত ভবনের বাকি আবাসিকদের অন্যত্র সরানোর কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বাড়িটি পুরনো হলেও বিপজ্জনক তালিকায় ছিল না।



