নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার রাজ্যজুড়ে পালিত হল চিকিৎসক দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষ্যে এক বার্তায় রাজ্যের সমস্ত চিকিৎসক ও চিকিৎসা পরিষেবায় যুক্ত প্রত্যককে শুভেচ্ছা জানান। এক এক্স বার্তায় বাংলার স্বাস্থ্যক্ষেত্রে কৃতিত্বের খতিয়ান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘২০২১ সালের আগস্ট মাসে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত স্বাস্থ্যইঙ্গিত পোর্টালের মাধ্যমে আনুমানিক ৬ কোটি অনলাইন বা টেলি কনসালটেশন হয়েছে। বর্তমানে রাজ্যের ১০ হাজারের বেশি সুস্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু।’
এদিন মৌলালি যুবকেন্দ্রে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের (আইডিএ) রাজ্য শাখার উদ্যোগে একটি অনুষ্ঠান হয়। কিংবদন্তি চিকিৎসক তথা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সর্বভারতীয় আইডিএ’র সভাপতি ডঃ শুভ্র নন্দীকে সংবর্ধনা জানানো হয়। আর জি কর মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে মঙ্গলবার সকাল ১০টায় অভয়া স্মরণে এক অনুষ্ঠান হয়। বেলা সাড়ে ১২টা নাগাদ আর জি করের প্রাক্তনীদের সংগঠন আর জি কর এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আর একটি অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে নানা সভা, অনুষ্ঠান, পথনাটিকাসহ বিভিন্নভাবে পালিত হয় দিনটি। অংশ নেয় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও সংগঠন। উল্লেখ্য, ১ জুলাই দিনটি বাংলার আরও এক দিকপাল চিকিৎসকেরও জন্মদিন। তিনি হলেন বৈদ্যরাজ যামিনীভূষণ রায়। এদিন তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে কেন্দ্রীয় আয়ুষমন্ত্রক।