রাহুল চক্রবর্তী, কলকাতা: রাজনীতিটা হল মানুষের সেবা। দিন-রাত ২৪ ঘণ্টা। কিন্তু সেই কাজ করার জন্য শরীর সুস্থ রাখা এবং সক্রিয় থাকা আবশ্যিক। ঘরে বসে রাজনীতি বা মানুষের সেবা হয় না। ময়দানে নেমে যেমন মিটিং-মিছিল করতে হয়, তেমনই সাধারণ মানুষের দুয়ারে গিয়ে তাঁদের সমস্যা শুনে সমাধানের চেষ্টা করতে হয়, এটাই রাজনীতির ক-খ-গ! আর এটা বলার অপেক্ষা রাখে না যে কোনও রাজনীতিবিদের ক্যারিয়ারে উন্নতি ঘটে জনসংযোগ নিবিড় করার মধ্যে দিয়েই। তবে বয়স বাড়লে কিংবা অসুস্থ থাকলে সেই কাজে সমস্যা তৈরি হয়। এই অবস্থায় সত্তরোর্ধ্ব তৃণমূল বিধায়কদের একটি তালিকা তৈরি হয়েছে। মূলত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিধায়কদের বয়স এবং রাজনীতির ময়দানে কতটা সক্রিয় সংশ্লিষ্ট ব্যক্তি, অভ্যন্তরীন সমীক্ষা করে তা দেখে নেবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত পাঁচ বছরে বিধায়ক কেমন কাজ করেছেন, তার যেমন মার্কশিট হবে, ঠিক তেমনই বয়স ও সক্রিয় ভূমিকা সব দিক বিচার-বিশ্লেষণ করে প্রার্থী বাছাই হবে বলেও ইঙ্গিত তৃণমূল সূত্রে।



