Bartaman Logo
৯ জুন, ২০২৬

মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় নবদম্পতি সহ মৃত ৪

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে। হাইওয়েতে অটোর উপর ট্রাক উলটে মৃত্যু হল এক নবদম্পতি সহ চারজনের।

মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় নবদম্পতি সহ মৃত ৪
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে। হাইওয়েতে অটোর উপর ট্রাক উলটে মৃত্যু হল এক নবদম্পতি সহ চারজনের। শনিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী জেলার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার রাজেশ্বরী শাক্যকে বিয়ে করেন বীরেন্দ্র শাক্য। আত্মীয়দের উপস্থিতিতে মন্দিরে যাবতীয় রীতি পালন করা হয়। অনুষ্ঠান শেষে শনিবার গ্রামে ফিরছিল নবদম্পতি। সঙ্গে ছিলেন বীরেন্দ্রর মা অবনেশ ও দুই শ্যালিকা রাজো, ভুরিয়া। হাইওয়ের ধারে অটো রেখে একটি দোকানে গিয়েছিল ভুরিয়া। সঙ্গে ছিলেন অটোচালক। এরইমধ্যে দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোর উপর উলটে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান রাজেশ্বরী, বীরেন্দ্র সহ চারজন। খবর পাওয়ামাত্র ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তবে উদ্ধারকাজ শুরু করা যায়নি। পরে বুলডোজারের সাহায্যে ট্রাক সরিয়ে দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, শনিবার গ্রামে ফেরার পর ভুরিয়ার বাগদান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েই ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎই সব বদলে গেল। বিবাহের আনন্দের পরিবর্তে শেষকৃত্যের শোকে ডুবেছে দুই পরিবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ