Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সংবর্ধনা ৩৮৭ কৃতী পড়ুয়াকে, ৭৩ জন শিক্ষক পেলেন শিক্ষারত্ন

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা সহ বিভিন্ন সর্বভারতীয় বোর্ড এবং প্রবেশিকা পরীক্ষার কৃতীদের বৃহস্পতিবার সংবর্ধনা দিল শিক্ষাদপ্তর। শিক্ষক দিবস উপলক্ষ্যে তাঁদের সংবর্ধিত করা হয়।

সংবর্ধনা ৩৮৭ কৃতী পড়ুয়াকে, ৭৩ জন শিক্ষক পেলেন শিক্ষারত্ন
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা সহ বিভিন্ন সর্বভারতীয় বোর্ড এবং প্রবেশিকা পরীক্ষার কৃতীদের বৃহস্পতিবার সংবর্ধনা দিল শিক্ষাদপ্তর। শিক্ষক দিবস উপলক্ষ্যে তাঁদের সংবর্ধিত করা হয়। আলিপুর ধনধান্য স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্য দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা। মোট ৩৮৭ ছাত্রছাত্রী সম্বর্ধনা প্রাপক। তাঁদের বই, ল্যাপটপ, স্মারক এবং শংসাপত্র দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ১৯ জন বিভিন্ন পরীক্ষায় প্রথম স্থানাধিকারী। তাঁদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। ১২টি স্কুল সেরা বিদ্যালয় পুরস্কার পেয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আইটিআইয়ের ৭৩ জন শিক্ষককে শিক্ষারত্ন দিয়েছে দপ্তর। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সেলিম বক্স মণ্ডলরাও রয়েছেন সেই তালিকায়। অনুষ্ঠানে শিক্ষা ও কারিগরি শিক্ষাদপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দাবি করেন, বিভিন্ন ছাত্র কল্যাণমূলক প্রকল্প চালু হওয়ায় স্কুলছুটের হার শূন্যে নেমে এসেছে। এর পাশাপাশি তিনি জানান, কলেজের খরচ জোগাতে ভবানীপুরের মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলে কিছু সময় শিক্ষকতা করেছিলেন। বর্তমানে সেটি ভবানীপুর মডার্ন স্কুল হিসেবে পরিচিত। সেই স্কুলের প্রধান শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এদিন প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন। তাঁদের তরফে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন শিক্ষিকা হিসেবে সম্বর্ধনা দেওয়া হয়। স্কুলটি অধিগ্রহণ করে আগেই মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী সেটিকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রীকে। আপ্লুত মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে বিষয়টি উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। 

Advertisement

 শংসাপত্র হাতে মাধ্যমিকে প্রথম আদৃত সরকার। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ