Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২০২৩ টেটের ফলপ্রকাশ ডিসেম্বরের মধ্যে: শিক্ষামন্ত্রী

আগামী ডিসেম্বর মাসের মধ্যে ২০২৩ সালের টেটের ফল প্রকাশ হবে। পাড়ায় সমাধান শিবির পরিদর্শনে এসে টেট পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

২০২৩ টেটের ফলপ্রকাশ ডিসেম্বরের মধ্যে: শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: আগামী ডিসেম্বর মাসের মধ্যে ২০২৩ সালের টেটের ফল প্রকাশ হবে। পাড়ায় সমাধান শিবির পরিদর্শনে এসে টেট পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। মালদহ থেকে সোজা বংশীহারি ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা হাইস্কুলে ১৯৩ ও ২০৪ দুটি বুথের শিবির পরিদর্শন করেন তিনি। শিবিরে মন্ত্রী যখন মানুষজনের সমস্যা শুনছিলেন, তখনই ভিড় থেকে দুই যুবক এগিয়ে আসেন। স্মারকলিপি হাতে তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেন। নিরাপত্তারক্ষী ও তৃণমূল নেতারা ওই দুই যুবককে সভার ঘর থেকে বের করে দিতে চাইলে মন্ত্রী তাঁদের ডেকে নেন। তাঁদের সমস্যার কথা শোনেন। যুবক দু’জন ২০২৩ সালে টেট দিয়েছিলেন। শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে তাঁরা নিজেদের অসহায়তা ও হতাশার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য, দু’বছর পেরিয়ে গেলেও টেটের ফল প্রকাশ হচ্ছে না। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে তাঁরা রয়েছেন। আগামী দিনে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী, কিছুই বুঝতে পারছেন না তাঁরা। শিক্ষামন্ত্রী ওই দুই চাকরি প্রার্থীকে আশ্বস্ত করেন। পরে তিনি বলেন, ২০২৩ সালের প্রাইমারি টেট পরীক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে এসেছিলেন। ওবিসি মামলার কারণে রেজাল্ট আটকে গিয়েছিল। ওবিসি মামলার জট কেটেছে। পর্ষদ ডিসেম্বরের মধ্যেই ২০২৩ সালের প্রাইমারি টেটের ফল প্রকাশ করবে। শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি তুলে দেওয়ার পর চাকরি প্রার্থী তপু মহন্ত বলেন, ২০২২ সালে প্রাথমিকের টেটের রেজাল্ট দু’মাসের মধ্যে বেরিয়েছিল। ২০২৩ সালের প্রাথমিক টেটের ফল এখনও বেরল না। এটাই শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। দ্রুত ফল প্রকাশ করে যাতে নিয়োগ শুরু হয়, সেই দাবি জানিয়েছি। শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ব্রাত্যবাবু যেখানেই যাবেন, সেখানেই জনগণ তাঁকে চেপে ধরবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ