ওয়াশিংটন: বিপুল পরিমাণ মাদক সহ আমেরিকায় গ্রেপ্তার দুই ভারতীয় ট্রাকচালক। জানা যাচ্ছে, গত শনিবার ইন্ডিয়ানায় রুটিন পরীক্ষার সময়ই ধরা পড়ে সেমি-ট্রেলার ট্রাকটি। সেটিতে ৩০০ পাউন্ডেরও বেশি কোকেন পাচার করা হচ্ছিল। ওই মাদকের বাজারমূল্য সাত মিলিয়ন ডলারের বেশি, অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৬৩ কোটি টাকা। এই ঘটনায় মার্কিন মুলুকে মাদক কারবারের রমরমা নিয়ে প্রশ্ন উঠছে। শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েনও।
ধৃতদের নাম গুরপ্রীত সিং (২৫) ও যশবীর সিং (৩০)। তাঁদের কাছে ক্যালিফোর্নিয়া প্রদেশের বাণিজ্যিক ট্রাক চালানোর লাইসেন্স রয়েছে। জানা যাচ্ছে, বাজেয়াপ্ত ট্রাকের শোয়ার জায়গায় কার্ডবোর্ডের বাক্সে থরে থরে সাজিয়ে রাখা ছিল কোকেন। রুটিন পরীক্ষার সময় পুলিশ কুকুরের তৎপরতায় তা সামনে আসে। ধৃতদের অবশ্য দাবি, কোম্পানির পক্ষ থেকে তাঁদের ফাঁকা ট্রাক রিচমন্ডের এক ভারতীয় রেস্তোরাঁয় নিয়ে যেতে বলা হয়েছিল। মার্কিন প্রশাসন জানিয়েছে, দুই ভারতীয় ট্রাক চালকই অবৈধ অভিবাসী। যশবীর ২০২৩ ও গুরপ্রীত ২০১৭ সালে বেআইনিভাবে আমেরিকায় আসে। গত ডিসেম্বর মাসেও যশবীরকে আটক করা হয়েছিল। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট দপ্তরের দাবি, অবৈধ অভিবাসনের অভিযোগে ধৃতদের দেশে পাঠানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।
ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্কও। ক্যার্লিফোনিয়ার গর্ভনর গেভিন নিউসোমকে কটাক্ষ করেছেন ডিএইচএসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ত্রিসিয়া ম্যাকলাফলিন। তিমি বলেছেন, ‘গেভিনের নীতি মার্কিন নাগরিকদের জীবন বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’ ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, অভিবাসনের নথি যথাযথভাবে যাচাই না করেই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কারণে মাদক পাচার ও অপরাধ বাড়ছে।