নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলন্ত বাসে যাত্রীর মোবাইল ফোন হাতসাফাইয়ের অভিযোগে সোমবার রাতে দু’জনকে গ্রেফতার করলেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। ধৃতরা হল, মহম্মদ শাহাজাদা ওরফে জগ্গা ও শেখ নাসির হোসেন ওরফে হুব্বা। তারা যথাক্রমে গার্ডেনরিচ ও নাদিয়াল থানা এলাকার বাসিন্দা। তবে খোয়া যাওয়া মোবাইলটি এখনও উদ্ধার হয়নি।প্রাথমিক তদন্তে লালবাজার জানতে পেরেছে, গত ৬ অক্টোবর রাতে ২৩৯ রুটের বাসে ধর্মতলা থেকে শিয়ালদহ যাচ্ছিলেন অরূপ রায় নামের এক ব্যক্তি। তিনি শ্যামনগরের বাসিন্দা। অভিযোগ, লেনিন সরণিতে ওয়েলিংটন স্কোয়ারের কাছে তাঁর পকেট থেকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মোবাইল ফোন হাতিয়ে নেয়।



