Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়া পরীক্ষায় নেই ১৭০০ চাকরিহারা যোগ্য শিক্ষক! এসএসসি’তে আবেদন জমা পড়ল ৫ লক্ষ ৮৫ হাজার

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগের দ্বিতীয় এসএলএসটি (এটি) পরীক্ষার জন্য প্রায় ১৭০০ চাকরিহারা প্রার্থী আবেদনই করলেন না।

নয়া পরীক্ষায় নেই ১৭০০ চাকরিহারা যোগ্য শিক্ষক! এসএসসি’তে আবেদন জমা পড়ল ৫ লক্ষ ৮৫ হাজার
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগের দ্বিতীয় এসএলএসটি (এটি) পরীক্ষার জন্য প্রায় ১৭০০ চাকরিহারা প্রার্থী আবেদনই করলেন না। মঙ্গলবার এসএসসির কাছে তথ্য এসেছে, আবেদনের ফি জমা দিয়েছেন মোট ৫ লক্ষ ৮৫ হাজার প্রার্থী। এঁদের মধ্যে নবম-দশমের প্রার্থী ৩ লক্ষ ৩০ হাজারের কিছু বেশি। বাকি প্রার্থীরা উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করেছেন। এদিকে, মোট চাকরিহারা শিক্ষক ১৫ হাজার ৪০৪ জন। তাঁদের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন ১৩ হাজার ৭০০ থেকে ৮০০ জন। তবে, সার্বিক আবেদন গতবারের তুলনায় বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ।

Advertisement

যোগ্যদের মধ্যে এতজন প্রার্থী কেন আবেদন করলেন না তা নিয়ে ধন্দে প্রথম থেকেই চাকরির পরীক্ষার বিরুদ্ধে থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চও। মঞ্চের নেতারা এখন নয়াদিল্লিতে। আজ বুধবার যন্তরমন্তরে তাঁদের অবস্থান বিক্ষোভ করার কথা। দিল্লি থেকে মঞ্চের অন্যতম আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, ‘এত প্রার্থী কেন আবেদন করলেন না, সেটা আমাদের কাছে এখনও ধোঁয়াশা। সেই কারণ খোঁজার চেষ্টা করছি।’ প্রসঙ্গত, ২০১৬ সালের এসএলএসটিতে সর্বশেষ পরীক্ষায় ৪৫ শতাংশ পাওয়া প্রার্থীরাও আবেদন করতে পেরেছিলেন। তবে, এবছর সেই ছাড় নেই। ছাড় পাচ্ছেন না স্পেশাল বিএড উত্তীর্ণরাও। তবে, আবেদনের ক্ষেত্রে কোনও বাধা ছিল না বলেই জানাচ্ছেন চিন্ময়। তাঁর বক্তব্য, কয়েকশো প্রার্থী আগে থেকেই কর্মরত ছিলেন। তাঁরা পুরনো কর্মক্ষেত্রে ফিরবেন। আবার কিছু প্রার্থী উচ্চ প্রাথমিকের চাকরি পেয়েছেন। তাও এত সংখ্যক প্রার্থী কেন আবেদন জানালেন না, সেই অঙ্ক মিলছে না। এমনকী, প্রতিবাদ স্বরূপ কেউ আবেদনে অংশ নেননি, এমন খবরও তাঁর কাছে নেই। 
তাহলে কি শিক্ষাদপ্তর তথা এসএসসি’র করা সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের উপরেই ভরসা রাখছেন তাঁরা? এটা বড়সড় ঝুঁকি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, এখনও সেই মামলার ডিফেক্ট ক্লিয়ারেন্স প্রক্রিয়া চলছে। তাই সেটি কবে শুনানির জন্য উঠবে, তাও স্পষ্ট নয়। এদিকে, এসএসসি সূত্রে খবর, আবেদনের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা কম। তাহলে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যা হবে। কমিশনের এক কর্তা বলেন, ‘১৩ হাজার ৭০০ সংখ্যাটি কম নয়। তাই যাঁরা আবেদন করলেন না, তাঁদের নিয়ে আর ভাবার অবকাশ নেই।’ যদিও, মেয়াদবৃদ্ধির বিষয়টি অনেকাংশেই শিক্ষাদপ্তরের উপরে নির্ভরশীল। তবে, এখনও পর্যন্ত সেই বার্তা কমিশনের কাছে আসেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ