বিশেষ সংবাদদাতা, রায়পুর: ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য। রাজ্যে একইদিনে নিষিদ্ধ এই সংগঠনের ১৭০ জন সদস্য আত্মসমর্পণ করেছে। এই ঘটনাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে ছত্তিশগড়ের অবুঝমাড় পাহাড় এবং উত্তর বস্তারকে মাওবাদী-মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন তিনি। এব্যাপারে শাহ বলেন, এই বিষয়টি খুবই সন্তোষজনক। ছত্তিশগড়ের অবুঝমাড় এবং উত্তর বস্তার একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল। আজ এই এলাকাকে মাও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হয়েছে।
শাহ আরও বলেন, আজ ছত্তিশগড়ে ১৭০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। বুধবার এই সংখ্যা ছিল ২৭ জন। মহারাষ্ট্রেও ৬১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। সব মিলিয়ে গত দুই দিনে মোট ২৫৮ জন মাওবাদী হিংসার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছে।
উল্লেখ্য, বুধবার সুকমা জেলায় ১০ মহিলা সহ ২৭ মাওবাদী আত্মসমর্পণ করে। তারপর পরের দিনই প্রায় দেড় শতাধিক মাওবাদীর আত্মসমর্পণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন মাওবাদীদের শক্তিশালী সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র দুজন সদস্যও।
উল্লেখ্য, ইতিমধ্যেই মহারাষ্ট্রে গড়চিরৌলিতে আত্মসমর্পণ করেছেন প্রয়াত মাওবাদী নেতা কিষেণজির ভাই মল্লজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু। তিনি মাওবাদীদের প্রথমসারির নেতা। বেণুগোপালের সঙ্গে আত্মসমর্পণ করেন আরও ৬০ জন। প্রসঙ্গত, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারতকে ‘মাওবাদী মুক্ত’ করার কথা ঘোষণা করেছেন শাহ।