হায়দরাবাদ, ২২ জানুয়ারি: এর আগে বিষ প্রয়োগ করে প্রায় ৬০০ পথ কুকুরকে মারার ঘটনা সামনে এসেছিল। এবার ১৫টি বাঁদরকে খাবারে বিষ প্রয়োগ করে হত্যার মত নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানা। একদল দুষ্কৃতী তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় একটি ধাবার সামনে ১৫টি বাঁদরকে মেরে ফেলে দিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। পরে খোঁজ নিয়ে দেখা যায় আরও প্রায় ৮০টির মতো বাঁদর গুরুতর অসুস্থ অবস্থায় ওই এলাকায় পড়ে রয়েছে। যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাঁদরগুলির খাবারে বিষ প্রয়োগ করেই সেগুলিকে হত্যার চেষ্টা করেছিল একদল দুষ্কৃতী। স্থানীয়রা ইতিমধ্যেই সমস্ত বিষয়টি গ্রাম প্রধান ও পশু চিকিৎসককে জানিয়েছেন। ঘটনার তদন্তও শুরু করেছে তেলেঙ্গানা পুলিশ।



