নয়াদিল্লি: বাড়তি কাজের ধকল? নাকি মানসিক স্বাস্থ্যে দুর্ঘটনার আতঙ্কের প্রভাব? আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার চার দিনের মধ্যে এয়ার ইন্ডিয়ার শতাধিক পাইলট অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে চলে যান। বৃহস্পতিবার একথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মহল। সংসদে তিনি জানান, দুর্ঘটনার ঠিক পরই ৫১ কমান্ডার ও ৬১ ফ্লাইট অফিসার ছুটির অনুরোধ করেন। সব মিলিয়ে সংখ্যাটা ১১২। সুতরাং বোঝাই যাচ্ছে, বিমান চালকের মানসিক স্বাস্থ্যের দিকটি বিবেচনা করা ও সেবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ কতটা জরুরি। বিশেষ করে কোনও বিমান দুর্ঘটনার পর তা আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।



