


ব্রাসিলিয়া: জঙ্গিদের সাহায্যকারী পাকিস্তানকে বিশ্বমঞ্চে কোণঠাসা করতে ইতিমধ্যেই দেশে দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। এরইমাঝে আরও বড়সড় ধাক্কা খেল পড়শি দেশ। এবার ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত সভায় পহেলগাঁও জঙ্গি হামলার কড়া নিন্দা জানাল ব্রিকসের অন্তর্ভুক্ত দশটি দেশ। সন্ত্রাসবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিকেও একযোগে সমর্থন জানিয়েছে তারা। এই দেশগুলির তালিকায় রয়েছে পাকিস্তানের ‘বন্ধু’ চীনও।
৪ ও ৫ জুন ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় একাদশতম ব্রিকস পার্লামেন্টারি ফোরামের বার্ষিক সভার আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়েছিল ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান সহ মোট দশটি দেশ। ভারতের হয়ে সেখানে যোগ দেয় লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে উচ্চ পর্যায়ের সংসদীয় দল। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, বিশ্বশান্তি, সন্ত্রাসবাদ বাণিজ্য সহ একাধিক ইস্যুতে চলে আলোচনা। পরে এক যৌথ বিবৃতিতে পহেলগাঁও হামলার কড়া নিন্দা জানানো হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়বে ব্রিকস-ভূক্ত দেশগুলি। এক্ষেত্রে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতিকে সমর্থন জানিয়েছে দেশগুলি। সভা থেকে বিশ্বকে একজোট হয়ে সন্ত্রাসবাদ মোকাবিলার আহ্বান জানান ওম বিড়লা। জঙ্গি সংগঠনগুলি যাতে কোনওভাবে অর্থ সাহায্য না পায়, সেই বিষয়টি সুনিশ্চিত করার উপরও জোর দিয়েছেন তিনি।