প্যারিস: গ্র্যান্ড স্ল্যামের খরা কাটল আলেকজান্ডার জেরেভের। অতীতে তিনবার ফাইনালে উঠেও চোখের জল সঙ্গী হয়েছিল। অবশেষে রবিবার রোলাঁ গারোয় প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জার্মান তারকা। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসে টানটান নাটকীয়তার মধ্যে পাঁচ সেটের ফাইনালে দ্বিতীয় বাছাই জেরেভ হারান ফ্লাভিও কোবাল্লিকে। ম্যাচের ফল ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭, ৬-১। জয়ের মুহূর্তে র্যাকেট ছুড়ে দিয়ে কোর্টে শুয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ১৯৯৬ সালে বরিস বেকার অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর জার্মানির প্রথম পুরুষ হিসেবে গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হলেন জেরেভ। ফাইনাল উপলক্ষ্যে দর্শকাসনে উপস্থিত ছিলেন তাঁর বাবা-মা, ভাই, পরিবারের অন্য সদস্যরা। জয়ের পর দৌড়ে সেখানে পৌঁছে আবেগে সবাইকে জড়িয়ে ধরেন ২৯ বছর বয়সি। দু’বছর আগে এখানেই ফাইনালে জানিক সিনারের কাছে হারতে হয়েছিল জেরেভকে। সেখানেই এবার তাঁর হাতে ধরা পড়ল অধরা মাধুরী। উচ্ছ্বাস তাই বাঁধনহারা।



