নিউ ইয়র্ক: সবাইকে অবাক করে ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন নোভাক জকোভিচ। বুধবার আরও এক নক্ষত্র পতনের সম্ভাবনা জেগেছিল। কিন্তু খাদের কিনারা থেকে কোনোক্রমে ঘুরে দাঁড়িয়েছেন শীর্ষ বাছাই আলেজান্ডার জেরেভ। পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে লরেঞ্জ সোনেগোকে ৬-৪, ৩-৬, ৬-৭ (৭-৯), ৭-৫, ৬-৪ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান জার্মান তারকা।
চলতি বছরেই ফরাসি ওপেন জিতে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছেন জেরেভ। ইউএস ওপেনেও অন্যতম ফেভারিট তিনি। চোটের কারণে জানিক সিনার খেলছেন না। প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন জকোভিচ। তাঁর একমাত্র বড়ো বাধা এখন কার্লোস আলকারাজ। তবে প্রথম রাউন্ডে জেরেভকে যেভাবে বেগ পেতে হল, তা যথেষ্ট উদ্বেগের। প্রথম সেটে জেতার পরেই ছন্দপতন ঘটে জার্মান তারকার। দ্বিতীয় ও তৃতীয় সেট পকেটে পুরে খেলা জমিয়ে দিয়েছিলেন লরেঞ্জ। চতুর্থ সেটেও জেরেভ ৪-৫ ব্যবধানে পিছিয়ে ছিলেন। তখন মনে হচ্ছিল, অঘটন নিশ্চিত। কিন্তু দুরন্ত প্রত্যাঘাতে ৪ ঘণ্টা ৫২ মিনিটের লড়াইয়ে শেষ হাসি হাসলেন জেরেভই। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের কুয়েন্টিন হ্যালিস। আলকারাজও একই দিনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামবেন। তাঁর প্রতিপক্ষ পর্তুগালের হাইমে ফারিয়া।
মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন কোকো গফ ও এলেনা রিবাকিনা। বুধবার তুরস্কের খেলোয়াড় জাইনপ সোনমেজকে ৬-৩, ৬-৪ স্ট্রেট সেটে হারিয়েছেন গফ। আর রিবাকিনা ৬-৩, ৬-২ সেটে উড়িয়ে দেন আমেরিকার থিয়া ফ্রোডিনকে।