বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানো ১৮টি পরিবারের জীবনে ফিরল নতুন আশার আলো। তাঁদের জন্যই অসমের আমগুড়ির ২ নম্বর ওয়ার্ডের শান্তিবনের এখন নতুন পরিচয়—‘জুবিন নগর’। ঝাঁজি নদীর তীরে বন্যায় ঘরবাড়ি হারানো ১৮টি পরিবারের জন্য সেখানে নতুন বাড়ি নির্মাণ করে দিয়েছেন অসমের কনটেন্ট ক্রিয়েটর তথা ইউটিউবার ‘মিস্টার বিতু’। প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই নতুন বসতির নাম রাখা হয়েছে ‘জুবিন নগর’। বন্যায় আমগুড়ির ১৮টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ভেসে গিয়েছিল। এই খবর শুনে দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়াতে ছুটে যান অসমের জনপ্রিয় এই ইউটিবার। পরিবারগুলির দুর্দশার কথা তুলে ধরে একটি ভিডিয়ো তৈরি করেন। তা সমাজমাধ্যমে ভাইরাল হতেই বহু মানুষ এগিয়ে আসেন। তবে গোটা উদ্যোগের কৃতিত্ব নিজে নিতে নারাজ বিতু। মিস্টার বিতু জানান, জুবিন গর্গের মানবিকতা, দল-মত-ধর্ম-জাতপাতের ঊর্ধ্বে সাধারণ মানুষের পাশে থাকা বহু মানুষকেই অনুপ্রাণিত করেছে। সেই আদর্শকে মাথায় রেখেই এই উদ্যোগ। গত রবিবার এই নতুন বসতির উদ্বোধন করেন জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ। পরে তিনি বলেন, ‘বিতুর মতো নতুন প্রজন্মের যুবকের এই কাজ দেখে বন্যার ভয়াবহতার মধ্যেও মনে শান্তি আসে। জুবিনের প্রতি তাঁর এই শ্রদ্ধা দেখে আমি আপ্লুত। জুবিন এভাবেই বেঁচে থাকুক সকলের মাঝে।’ ছবি: সমাজমাধ্যম



