নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেরলের কাছে আরব সাগরে নয়া প্রজাতির রে ফিশের সন্ধান পেল জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই)। লম্বা লেজযুক্ত শঙ্কর মাছের এই প্রজাতিকে সাধারণভাবে ডিপ সি স্কেট বলা হয়। এই মাছের দেখা মেলে গভীর সমুদ্রে। এই বিশেষ প্রজাতির নাম দেওয়া হয়েছে ডিপটারাস ধৃতিটিয়ে। জেডএসআইয়ের অধিকর্তা এবং সেখানকার ডিপ ওশান প্রোগ্রামের লিড প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ধৃতি বন্দ্যোপাধ্যায়ের নামেই মাছটির নামকরণ করা হয়েছে। প্রায় ৪০০ থেকে ৬০০ মিটার গভীরে এই মাছটির সন্ধান মিলেছে বলে জানান বিজ্ঞানীরা। জেডএসআইয়ের সঙ্গে এই অভিযানে ছিল আইসিএআর-সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (সিএমএফআরআই)।



