Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাতীয় দলের হেড কোচ হতে চান জাহির

ভারতের ২০১১ বিশ্বকাপে জয়ের প্রসঙ্গ উঠলেই ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে মহেন্দ্র সিং ধোনির সেই হেলিকপ্টার শট। কিংবা গৌতম গম্ভীরের ৯৭ রানের অতি মূল্যবান ইনিংস।

জাতীয় দলের হেড কোচ হতে চান জাহির
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের ২০১১ বিশ্বকাপে জয়ের প্রসঙ্গ উঠলেই ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে মহেন্দ্র সিং ধোনির সেই হেলিকপ্টার শট। কিংবা গৌতম গম্ভীরের ৯৭ রানের অতি মূল্যবান ইনিংস। কিন্তু ফাইনালে জাহির খানের প্রথম তিন ওভার মেডেনের কথা ক’জন মনে রেখেছেন? সেদিন এই বাঁহাতি পেসারের আগুনে বোলিংয়ের সৌজন্যেই শুরুটা দুর্দান্ত হয়েছিল টিম ইন্ডিয়ার। পঞ্চাশ ওভারের ফরম্যাটে দ্বিতীয় বিশ্বকাপ জয়ে বড় অবদান রয়েছে জ্যাকেরও। অবসর নিলেও এখনও ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তিনি। এবার জাহিরের ইচ্ছে জাতীয় দলের কোচ হওয়ার। সোমবার কলকাতার বাইপাস সংলগ্ন এক হোটেলে এসে তিনি বললেন, ‘ভারতের হেড কোচ হতে আমি আগ্রহী। তবে আবেদন করার পথে হাঁটতে নারাজ। আমাকে দরকার পড়লে, হ্যাঁ বলতে দু’বার ভাবব না।’

Advertisement

এবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকা পালন করছেন জাহির। মঙ্গলবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে খেলবে তাঁর দল। প্রাক্তন পেসারের কথায়, ‘ভারতীয় ক্রিকেটের উন্নতিতে আইপিএলের অবদান অনস্বীকার্য। সময়ের সঙ্গে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।’ পাশাপাশি ২০২৮ ওলিম্পিকসেও ক্রিকেটের সংযুক্তি ঘটেছে। এই প্রসঙ্গে জ্যাকের মন্তব্য,‘আমার মতে টেস্ট ক্রিকেট সবার সেরা। সম্প্রতি বর্ডার- গাভাসকর ট্রফি ঘিরে মানুষের উন্মাদনাই তার প্রমাণ। তাই টেস্ট ক্রিকেটের বিলুপ্তি কখনও ঘটবে না। তবে এটাও ঠিক, টি-২০ ক্রিকেট বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। ওলিম্পিকসে অন্তর্ভুক্তির পর এই খেলা আরও জনপ্রিয় হয়ে উঠবে।’ 
জাহির খানের সঙ্গে এদিন অনুষ্ঠানে এসে উপস্থিত ছিলেন লখনউয়ের ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানও। বিশ্বের বিভিন্ন লিগে খেললেও, আইপিএলকে সবার আগে রাখছেন তিনি। বলছিলেন, ‘আইপিএলের হাত ধরেই ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ এসেছে। এখন তো এই লিগ ব্র্যান্ড। বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলে।’ কিন্তু পুরানের দেশ ওয়েস্ট ইন্ডিজ জৌলুস হারাচ্ছে। এই প্রসঙ্গে তারকা ক্রিকেটারের মন্তব্য, ‘ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহ্য সম্পর্কে সবাই অবগত। এটা খুবই দুর্ভাগ্যজনক, সম্প্রতি আন্তর্জাতিক স্তরে আমরা ভালো পারফরম্যান্স মেলে ধরতে পারছি না। এর অনেক কারণ রয়েছে। সেসব নিয়ে মুখ খুলতে চাই না। আশা করব, আগামী দিনে স্বমহিমায় ফিরবে ওয়েস্ট ইন্ডিজ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ