Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কাজ দেওয়ার অজুহাতে পাঞ্জাবে নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রি, সল্টলেকে গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী

কাজের নাম করে যুবককে পাঞ্জাবে নিয়ে গিয়েছিল এক প্রতিবেশী। কিন্তু, কাজের বদলে ভুল বুঝিয়ে ওই যুবকের একটি কিডনি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল।

কাজ দেওয়ার অজুহাতে পাঞ্জাবে নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রি, সল্টলেকে গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কাজের নাম করে যুবককে পাঞ্জাবে নিয়ে গিয়েছিল এক প্রতিবেশী। কিন্তু, কাজের বদলে ভুল বুঝিয়ে ওই যুবকের একটি কিডনি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল। বাড়ি ফিরে আসার পর পেটে কাটা দাগ দেখে সন্দেহ হয় পরিবারের। তখন তাঁরা বিষয়টি জানতে পারেন। মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় ‘আক্রান্ত’ যুবকের বাবা অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ওইদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম প্রভাস মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার হরিণডাঙায় তার বাড়ি। চক্রের জাল কতদূর ছড়িয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানার অন্তর্গত সল্টলেকের ত্রিনাথপল্লিতে ওই যুবকের বাড়ি। বয়স ৩১ বছর। ধৃত প্রভাস ওই যুবকের প্রতিবেশী। পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, দিন কুড়ি আগে প্রভাস তাঁদের ছেলেকে পাঞ্জাবে কাজে নিয়ে যায় কাজ পাইয়ে দেবে বলে। বাড়ির লোকজন তাতে নিশ্চিন্ত হন। তাঁরা ভেবেছিলেন, বেকারত্ব ঘুচল। গত ১১ আগস্ট ছেলে সল্টলেকের বাড়িতে ফিরে আসেন। ফিরে চুপচাপই ছিলেন। বেশি কথাবার্তা বলছিলেন না। গত রবিবার পরিবারের লোকজন হঠাৎ লক্ষ্য করেন, ছেলের পেটের পাশে বড়ো কাটা দাগ। তাতে সেলাই পড়েছে। উত্তরে ছেলে বাবা-মাকে জানান, প্রভাস ভুল বুঝিয়ে তাঁকে পাঞ্জাবের মোহালিতে নিয়ে গিয়েছিল। সেখানে তাঁর কিডনি বিক্রি করে দিয়েছে! এর বেশি তিনি আর বলতে পারছেন না। পরিবারের লোকজনের বক্তব্য, এর পিছনে একটি বড়ো চক্র জড়িত রয়েছে। তবে, ফিরে এসে ওই যুবক কেন বিষয়টি জানালেন না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, ধৃতের বিরুদ্ধে মানব অঙ্গের বাণিজ্যিক লেনদেন প্রতিরোধ আইন, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, গুরুতর আঘাত, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ