নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালে কাশীপুর থানা এলাকায় একটি মিষ্টির দোকানে গণ্ডগোলের জেরে দোকানের কর্মচারী গরম রসের কড়াইয়ে পড়ে গুরুতর জখম হন। পরে তিনি আর জি কর হাসপাতালে মারা যান। এই ঘটনায় দোষী সাব্যস্ত যুবক আফসার আলিকে ছ’বছর সশ্রম কারাবাসের আদেশ দিল আদালত। বুধবার শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শরণ্যা সেন প্রসাদ এই আদেশ দিয়েছেন। বিচারক এই সাজার সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয়মাসের হাজতবাসের নির্দেশ দেন। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি অসীম কুমার জানান, ঘটনাটি ঘটে ২০২৩ সালের ৫ মার্চ রাতে কাশীপুর থানার বিটি রোডে। সেদিন আফসার দোকান থেকে মিষ্টি কেনে। এরপর দোকান মালিকের সঙ্গে খুচরো নিয়ে বাঁধে বচসা। তার জেরে দোকানে ঢুকে অভিযুক্ত যুবক দোকান মালিককে ধাক্কা মারে। তখন আগুনে মিষ্টির রস জ্বাল দিচ্ছিলেন দোকান কর্মচারী বলরাম ঘোষ। তিনি তা থামাতে গিয়ে পড়ে যান গরম রস ভর্তি কড়াইয়ে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় যুবকটি। মুর্শিদাবাদের বাসিন্দা ওই যুবককে কড়াই থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ১৪ দিনের মাথায় তিনি মারা যান। পরে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার অনিলকুমার মণ্ডল। মামলায় সাক্ষ্য দেন নয়জন। দীর্ঘ শুনানির শেষে আদালত জামিনে থাকা অভিযুক্ত যুবককে অনিচ্ছাকৃত খুনের মামলায় দোষী সাব্যস্ত করে এদিন তার বিরুদ্ধে সাজা ঘোষণা করে। যদিও সাজাপ্রাপ্ত এই যুবক বলে, এই রায়ের বিরুদ্ধে সে উচ্চ আদালতে যাবে।



