নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাড়াটিয়ার চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অপরাধে বাড়িওয়ালার ছেলে রাজু মণ্ডলকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। মঙ্গলবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় এই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক বছর হাজতবাসের নির্দেশ দেন। পাশাপাশি নির্যাতিতার হাতে দু’লক্ষ টাকা তুলে দেওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনার আইনি সহয়তা কেন্দ্রকে প্রয়োজনীয় নির্দেশ দেয় আদালত। এদিন রায় ঘোষণার আগে মামলার বিশেষ সরকারি কৌঁসুলি নন্দিতা চৌধুরী দোষীর কড়া সাজার দাবি জানান। তিনি বলেন, ‘খাবারের টোপ দিয়ে যেভাবে একটি শিশুর উপর পাশবিক অত্যাচার চালিয়েছিল যুবকটি, তা ভাবলে শিহরিত হতে হয়। তাই তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত।’ অন্যদিকে, যুবক বিচারকের কাছে কম সাজার আর্জি জানায়। বিচারক যুবকের উদ্দেশে বলেন, আপনার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আপনাকে কুড়ি বছর কারাদণ্ড দেওয়া হল। রায় শুনে কান্নায় ভেঙে পড়ে যুবকটি। তাকে দ্রুত লকআপে নিয়ে যাওয়া হয়।



