Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ্যপানের প্রতিবাদ যুবকের, মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা

হালিশহরে মদ খাওয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বন্দুকের বাঁট দিয়ে মারার অভিযোগ। আক্রান্তের নাম শুভম বিশ্বাস।

মদ্যপানের প্রতিবাদ যুবকের, মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহরে মদ খাওয়ার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বন্দুকের বাঁট দিয়ে মারার অভিযোগ। আক্রান্তের নাম শুভম বিশ্বাস। আঘাতের ফলে তাঁর মাথা ফেটে গিয়েছে। পড়েছে পাঁচটি সেলাই। শুভম হালিশহর থানায় অভিযোগ জানান। তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে হালিশহর পুরসভার চার নম্বর ওয়ার্ডের পুরাতন বারুইপাড়ায়।

Advertisement

এখানকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ক্লাবে মদ, গাঁজা, সাট্টার ঠেক চলছে। স্থানীয়রা তার প্রতিবাদও জানান। শুভম বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মার খেলাম। বাড়ি ফেরার পথে বুম্বা নামে এক যুবক দলবল নিয়ে আমার উপর হামলা চালায়। বন্দুকের বাঁট দিয়ে মাথার পিছনে মারে। লোহার রড ও বেল্ট দিয়েও মেরেছে। বন্দুক তাক করে হুমকিও দেয়। চশমা ভেঙে দেয়। সাত হাজার টাকা ছিনিয়ে নেয়।’ শুভমের চিৎকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যাওয়ায় পালিয়ে যায় হামলাকারীরা। শুভমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার করাতে। 
শুভমের অভিযোগ, বুম্বা কাউন্সিলার মৃত্যুঞ্জয় দাসের ঘনিষ্ঠ। তাঁর মদতে ক্লাবে অসামাজিক কার্যকলাপ চালায়। তবে মৃত্যুঞ্জয়বাবু এ অভিযোগ অস্বীকার করেছেন। তিন বলেন, ‘পিছনের দরজা দিয়ে কেউ আমার গায়ে কালি লাগানোর চেষ্টা করছে। ঘটনার পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে।’ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, ‘কোনওরকম বেআইনি কাজ আমাদের মুখ্যমন্ত্রী বরদাস্ত করেন না। আমিও প্রশ্রয় দিই না। একটা ঘটনার কথা শুনেছি। পুলিসকে বলেছি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।’ পুলিস জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আশা করা যায় খুব শীঘ্র গ্রেপ্তার সম্ভব হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ