Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংলিশবাজারে যুবককে কুপিয়ে খুন, প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার শহরে

ইংলিশবাজারে যুবককে কুপিয়ে খুন, প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার শহরে
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: চোর সন্দেহে দু’জনকে তাড়া করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল যুবকের। মৃতের নাম নিমাই মণ্ডল (২৫)। তিনি ইংলিশবাজার থানার অমৃতি অঞ্চলের সিকন্দরপুরের বাসিন্দা। এই ঘটনায় গুরুতর জখম আরও কয়েকজন। প্রতিবাদে বুধবার সকাল থেকে  পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দুপুরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। আটক করা হয় কয়েকজন অবরোধকারীকে। সব মিলিয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় অমৃতিতে। 

Advertisement

মালদহের পুলিস সুপার প্রদীপকুমার যাদব বলেন, ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এনিয়ে কিছু মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীদের হঠাতে পুলিসকে তাড়া করতে হয়। মোট ১৮ জনকে আটক করা হয়েছে। 
গ্রামবাসীদের অভিযোগ, কিছুদিন ধরেই গ্রামে বহিরাগত দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে গিয়েছিল। বিষয়টি পুলিসকে জানালেও কোনও কাজ না হওয়ায় গ্রামবাসীরা রাত পাহারার সিদ্ধান্ত নেন। স্থানীয় বাসিন্দা পাপাই ঘোষ বলেন, কিছুদিন ধরে গ্রাম চোরের উৎপাত বেড়েছে। বিশেষ করে মহিলাদের আক্রমণ করছে। পুলিসকে জানিয়েও কাজ হয়নি। 
গ্রামবাসীদের অভিযোগ, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক গ্রাম পাহারা দেওয়ার সময় তাঁদের ওপর দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে নিমাইয়ের মৃত্যু হয়। 
গ্রামবাসী সুস্মিতা দাস মণ্ডলের অভিযোগ, আমাদের রক্ষা করতে গিয়ে গ্রামের একটা তরতাজা যুবক খুন হয়ে গেল। এখানে আমাদের কোনও সুরক্ষা নেই।
জেলা পুলিস সূত্রে খবর, রাত একটা থেকে দুটোর মধ্যে নিমাই, বিশ্বজিৎ রবিদাস ও সুরজ মণ্ডল সন্দেহজনকভাবে দু’জনকে ঘোরাফেরা করতে দেখে তাঁদের ধাওয়া করে। তিনজনই ইংলিশবাজার থানার অমৃতি অঞ্চলের সিকন্দরপুরের বাসিন্দা। গ্রামের তিন যুবকের ধাওয়া খেয়ে ওই দুই সন্দেহভাজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে নিমাইদের উপর হামলা চালালে তাঁরা জখম হন। তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তপাতের জন্য চিকিৎসাধীন অবস্থায় নিমাইয়ের মৃত্যু হয়। 
পুলিসের আরও দাবি, এই ঘটনার প্রতিবাদে বুধবার সকালে কিছু বহিরাগত মানুষ অমৃতি হাইওয়ে অবরোধ করেন।  কিছু স্থানীয় বাসিন্দা ওই রাস্তা দিয়ে যাতায়াতের চেষ্টা করলে জনতার ভিড় তাঁদের মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ