সংবাদদাতা, জঙ্গিপুর: স্নান করতে নেমে তলিয়ে গেল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের লোহরপুর গঙ্গাঘাটে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবক আরবাজ খাঁনের বাড়ি সামশেরগঞ্জের সাহেবনগর গ্রামে। সে স্থানীয় সাহেবনগর হাই স্কুলের পড়ুয়া বলে জানা গিয়েছে। খবর পেয়েই উদ্ধারকাজে নামে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। দুর্ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক নুর আলম। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে। এই প্রসঙ্গে সামশেরগঞ্জ থানার পুলিশ অফিসার জানান, সকাল থেকেই যুবকের খোঁজে তল্লাশি চলছে। অভিজ্ঞ ডুবুরিও ডাকা হয়েছে। দেহ উদ্ধারের সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, এদিন সকালে লোহরপুর গঙ্গাঘাটে স্নান করতে এসেছিলেন আরবাজ। কিন্তু স্নানের সময় আচমকাই গঙ্গার তলিয়ে যান তিনি। দৃশ্যটি চোখে পড়তেই ঘাটে উপস্থিত অন্যান্যরা তড়িঘড়ি মৎস্যজীবীদের নৌকা নিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু গঙ্গার স্রোত বেশি থাকায় মুহূর্তের মধ্যে তলিয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও যুবকের কোনও হদিস মেলেনি। খবর পেয়েই সামসেরগঞ্জ থানার পুলিশ পৌঁছায় লোহরপুর ঘাটে। পাশাপাশি ডুবুরি দলকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও নদীর পাড়ে ভিড় জমান। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন বিধায়ক নুর আলম। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দেন তিনি।



