সংবাদদাতা, বোলপুর : পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে নানুরের নতুনপাড়া গ্রাম সংলগ্ন নানুর-বোলপুর রাস্তায়।
সংবাদদাতা, বোলপুর : পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে নানুরের নতুনপাড়া গ্রাম সংলগ্ন নানুর-বোলপুর রাস্তায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীর্ণাহারের শ্বাসপুর গ্রাম থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরবাইকে করে নানুর থানার ডোংরা গ্রামের বাড়িতে ফিরছিলেন ওই যুবক। নতুনপাড়া এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ছোট মালবাহী গাড়ির সঙ্গে তাঁদের মোটরবাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। গুরুতর আহত তাঁর স্ত্রীকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অপরদিকে এই দুর্ঘটনার পরও থামেনি ওই মালবাহী গাড়ি। কিছুটা দূরে আরও একটি মোটরবাইকে ধাক্কা দেয় সেটি। ওই বাইকের দুই আরোহীও আহত হন। তাঁদেরও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মালবাহী গাড়ির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল।