সংবাদদাতা, পুরাতন মালদহ: বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদহ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর কলোনিতে তোলাবাজির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম জয় মণ্ডল (২০)। তার বাড়ি শহরের বাইরে সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় গ্রামে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেইসঙ্গে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার এক যুবকের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ বহিরাগত একদল যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা ছিল। এদিন লক্ষ্মীপুর কলোনিতে দফায় দফায় স্থানীয়দের সঙ্গে বহিরাগতদের গণ্ডগোল হয়। বহিরাগতরা গুলি চালায় বলেও দাবি স্থানীয়দের। এনিয়ে স্থানীয়রা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা কয়েকজন বহিরাগতরকে ধরে গণধোলাই দেয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই এক যুবককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
তবে মৃতের পরিবারের পক্ষে তাঁর আত্মীয় উকিল মণ্ডল বলেন,জয়কে পুলিশ গাড়িতে গুলি করে মেরেছে। ঘটনাস্থলে প্রাণঘাতী কিছু ঘটেনি। সামান্য গণ্ডগোল হয়েছিল। এদিকে, দুপুরে এই ঘটনার পরই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ভয়ে কার্যত সিঁটিয়ে রয়েছেন। কেউ মুখ খুলতে রাজি হননি। মালদহ থানার পুলিসের এক আধিকারিক জানিয়েছেন,ওখানে গন্ডগোল হয়। সেখানে গণধোলাইয়ে জখম একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। পুলিসের বিরুদ্ধে ভিত্তিীহনে অভিযোগ তোলা হচ্ছে। জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান,গুলি চালানোর কোনও ঘটনাই ঘটেনি। পুরো ঘটনার তদন্ত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বেশকিছু দিন আগে থেকে। ১৭ নম্বর ওয়ার্ডের এক যুবক রাজমিস্ত্রির কাজ করে বাইপাস দিয়ে বাড়ি ফিরছিলেন। আক্রান্ত যুবকের আত্মীয় টুসি ঘোষের দাবি, ওই সময় বহিরাগত একদল দুষ্কৃতী যুবকের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে। না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মুখ ডেকে মারধরও করে। ওইদিনের ঘটনায় যুবক কোনোক্রমে প্রাণে বেঁচে বাড়ি ফেরে। এরপরও বহিরাগত দুষ্কৃতীরা যুবককে লাগাতার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। তাঁর আরও দাবি, তোলাবাজি দুষ্কৃতীদের ব্যবসায় পরিণত হয়েছে। ওদের নামে থানায় ক্রিমিনাল রেকর্ড রয়েছে। এদিন এলাকায় এসে বাড়িতে ঢুকে ওরা গুলি চালায়। আমরা প্রাণে বাঁচার চেষ্টা করেছি। ওরা পালিয়ে যায়। এলাকার লোক একত্রিত হয়ে কয়েকজনকে গণপিটুনি দেয়। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়াঙ্কা গঙ্গোপাধ্যায় বলেন, বহিরাগতদের একটা গ্যাং আছে। প্রায় দেড় বছর ধরে তারা তোলাবাজি করছে। সাধারণ মানুষকে অত্যাচার করে, কেউ ব্যবসা করলে টাকা চায়। কেউ বাড়ি বানালে টাকা দাবি করে। এদিন দিনভর এলাকায় দফায় দফায় গণ্ডগোল হয়। পুলিশ এলাকায় টহল দিচ্ছে। মালদহ থানার পুলিশ জানিয়েছে,গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি। সেখানে গণধোলাই পরিস্থিতি হয়। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। • এলাকায় উত্তেজনা। - নিজস্ব চিত্র।