বাঁশঝাড় থেকে বাঁশ চুরির প্রতিবাদ করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হল এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার ময়নাগুড়ির কাঁঠালবাড়ি এলাকায়। আহত যুবক রঞ্জিত শীল বলেন, “আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমাদের জমি রয়েছে। সেখানে বাঁশঝাড় রয়েছে। সকালে খবর পাই বাঁশ কেটে নেওয়া হচ্ছে। সেখানে গিয়ে প্রতিবাদ করায় পাঁচ জন মিলে আমার উপর আক্রমণ করে। ধারালো অস্ত্র নিয়ে আমাকে তাড়া করা হয়। একজন এসে হাতে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে উদ্ধার করে। দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”



