Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্ধুর দিদিকে ইভটিজিং, আক্রান্ত প্রতিবাদী যুবক

বন্ধুর দিদিকে ইভটিজিং করা হচ্ছিল। তার প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক যুবক। হুগলির মগরা থানার বাঁশবেড়িয়ার ওই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে।

বন্ধুর দিদিকে ইভটিজিং, আক্রান্ত প্রতিবাদী যুবক
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বন্ধুর দিদিকে ইভটিজিং করা হচ্ছিল। তার প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক যুবক। হুগলির মগরা থানার বাঁশবেড়িয়ার ওই ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে। ইতিমধ্যেই ওই যুবক থানায় অভিযোগ দায়ের করেছেন। মগরা থানার পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবক নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অনুসারে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

আক্রান্ত যুবকের নাম রণবীর ঘোষাল। তিনি চুঁচুড়ার বাসিন্দা হলেও বাঁশবেড়িয়ায় মামার বাড়িতে থাকেন। তিনি জানিয়েছেন, দিনকয়েক আগে তিনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন। তখন বেলতলাতে তিনি দেখেন যে, তাঁর এক বন্ধুর দিদিকে স্থানীয় কিছু যুবক ইভটিজিং করছেন। তিনি এর প্রতিবাদ করেন। সেই নিয়ে বচসা হলেও বিষয়টি তখনকার মতো মিটে যায়। রণবীর বলেন, এরপর গত শুক্রবার আমি বাঁশবেড়িয়ার একটি মেলায় গিয়েছিলাম। সেখানেই মুখ ঢেকে কয়েকজন যুবক আমাকে মারধর করেন। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে হামলাকারীরা পালিয়ে যান। কিন্তু আমার চোখ, মুখে ভয়াবহ আঘাত লাগে। হাসপাতালে চিকিৎসা করাতে হয়। ইভটিজিংয়ের ঘটনার সঙ্গে আমার উপরে হামলার যোগ আছে। আক্রমণকারীদের আমি চিনতে পেরেছি। পুলিশকে বলেওছি। আক্রান্তের বাবা অয়ন ঘোষাল বলেন, আমার ছেলে এখনও চোখ খুলতে পারছে না। ভয়াবহ আক্রমণ হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘোষাল পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরপরই চিকিৎসার জন্য তাঁরা ব্যস্ত হয়ে পড়েছিলেন। পরে রণবীর ওই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।    

Advertisement
সম্পর্কিত সংবাদ