Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিহার থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে শিয়ালদহে নামতেই ধৃত যুবক

শুধু মুঙ্গের নয়, বিহারে এখন বেআইনি অস্ত্র কারখানার ‘হাব’ হয়ে উঠেছে খাগারিয়া। সোমবার শিয়ালদহ স্টেশনে কলকাতা পুলিসের এসটিএফের হাতে বেআইনি অস্ত্র

বিহার থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে শিয়ালদহে নামতেই ধৃত যুবক
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু মুঙ্গের নয়, বিহারে এখন বেআইনি অস্ত্র কারখানার ‘হাব’ হয়ে উঠেছে খাগারিয়া। সোমবার শিয়ালদহ স্টেশনে কলকাতা পুলিসের এসটিএফের হাতে বেআইনি অস্ত্র সহ এক কারবারি ধরা পড়তেই এই তথ্য সামনে এসেছে। সম্ভবত এই স্টেশনেই ওই অস্ত্রের হাতবদলের কথা ছিল। তার ব্যাগ তল্লাশি করে মিলেছে চারটি সেভেন এম এম পিস্তল, দু’টি দেশি বন্দুক, ৭.৬৫ এবং ৮ এমএম বোরের আট রাউন্ড কার্তুজ। ধৃতের নাম হাসান শেখ, বাড়ি মালদহের কালিয়াচকে।

Advertisement

বিহার থেকে কলকাতায় বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে আসার জন্য কারবারিরা এখন ব্যবহার করছে শিয়ালদহ স্টেশনকে। এখানে নেমে স্থানীয় বেআইনি অস্ত্র ব্যবসায়ীদের কাছে তা পৌঁছে দিয়ে আসে পাচারকারীরা। গত পাঁচ মাসে শিয়ালদহ স্টেশন এলাকা থেকে দু’বার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। এসটিএফের অফিসাররা ভিন রাজ্যের বেআইনি অস্ত্র কারবারিদের গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছিলেন। এর মধ্যেই খবর আসে, মালদহ থেকে হাটেবাজারে এক্সপ্রেসে চড়ে এক ব্যক্তি কলকাতায় আসছে পিস্তল, বন্দুক নিয়ে। শিয়ালদহ স্টেশনেই ওই অস্ত্রের হাতবদল হওয়ার কথা। সেইমতো এসটিএফের টিম এদিন ভোরেই পৌঁছে যায় শিয়ালদহে। স্টেশন চত্বরেই এক যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয় অফিসারদের। সঙ্গে সঙ্গে তাকে আটক করে ব্যাগ তল্লাশি করা হয়। তখনই অস্ত্র পাচারের বিষয়টি সামনে আসে। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, আগে সে মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসত। এর আগেও বেশ কয়েকবার এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় এসেছে। কিন্তু মুঙ্গেরে পুলিসি অভিযানের কারণে সেখানকার অস্ত্র ব্যবসায়ীরা ডেরা বদলে চলে গিয়েছে খাগারিয়ায়। সেখানে ঘরে ঘরে বেআইনি অস্ত্রের কারখানা গড়ে উঠেছে। খাগারিয়াতেই তৈরি হচ্ছে এ কে সিরিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। মুঙ্গেরের দক্ষ কারিগররাই সেখানে কাজ করছে। তদন্তে জানা গিয়েছে, খাগারিয়া থেকে সড়কপথে দু’ঘণ্টার মধ্যে মালদহে পৌঁছে যাওয়া যায়। সেখান থেকে ট্রেনে শিয়ালদহ বা কলকাতা স্টেশনে আসার পর অস্ত্রের হাতবদল হচ্ছে। অভিযুক্ত জেরায় জানিয়েছে, তাকে এই আগ্নেয়াস্ত্র দিয়েছিল খাগারিয়ার এক অস্ত্র ব্যবসায়ী। তারপর সে মালদহ হয়ে ট্রেনে শিয়ালদহে আসে। এখানে কাকে ওই অস্ত্র দেওয়ার কথা ছিল, তার নামও জানতে পেরেছেন তদন্তকারীরা। যারা যারা এখানে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার চালাচ্ছে, তাদের চিহ্নিত করার চেষ্টা করছে এসটিএফ।
এদিকে, তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে গোবরডাঙা থানার পুলিস। তারা ডাকাতির লক্ষ্যেই জড়ো হয়েছিল। রবিবার রাতে বেলিনি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে ধৃতদের নাম রাজেশ নায়েক (৩২), কাজি মহম্মদ নবাব (২৭) ও রবীন দে। তাদের বাড়ি খড়দহ থানা এলাকায়। সোমবার তাদের বারাসত আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস জানিয়েছে, ওইদিন সন্ধ্যায় তারা ভোজালি, হাঁসুয়া সহ ধারালো অস্ত্র নিয়ে গোবরডাঙায় এসেছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ